বাণিজ্য চুক্তিতে ‘সব ক্ষতি, কোনো লাভ নেই’! মোদি সরকারকে কড়া আক্রমণ কংগ্রেসের

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক ‘অস্থায়ী বাণিজ্য চুক্তি’ (Interim Trade Agreement) নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা পবন খেরা। শনিবার কেন্দ্রকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, যে চুক্তিকে সরকার ‘কূটনৈতিক মাস্টারস্ট্রোক’ হিসেবে প্রচার করছিল, বাস্তবে তা ভারতের জন্য চরম ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। খেরার মতে, এই চুক্তির ফলে ভারত কোনো সুবিধা পায়নি, উল্টে ১৮.৪ শতাংশ শুল্কের বোঝা কাঁধে চেপেছে।
কংগ্রেস নেতার অভিযোগ, ওয়াশিংটনকে অতিরিক্ত ছাড় দিতে গিয়ে ভারত কার্যত একতরফা শুল্কের ফাঁদে পা দিয়েছে। তিনি এই পরিস্থিতিকে “সর্বোচ্চ ধোঁকা” বলে অভিহিত করেছেন। খেরা আরও উল্লেখ করেন যে, ব্রাজিলের মতো দেশগুলি অনেক বেশি কৌশলী পথে হেঁটে আমেরিকার থেকে সুবিধা আদায় করে নিয়েছে, কিন্তু ভারত কেবল প্রচারেই ব্যস্ত থেকেছে। তাঁর মতে, মিডিয়াতে এই চুক্তিকে বড় সাফল্য হিসেবে দেখানো হলেও বাস্তব পরিস্থিতি দেখাচ্ছে যে ভারতের রপ্তানি পণ্যগুলি এখন বড়সড় সংকটের মুখে।