ট্রাম্পের শুল্ক খারিজ মার্কিন সুপ্রিম কোর্টে! ‘নজর রাখছে দিল্লি’, কড়া প্রতিক্রিয়ায় যা জানাল ভারত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্ক আরোপের ক্ষমতা কেড়ে নিল মার্কিন সুপ্রিম কোর্ট। ৬-৩ রায়ে আদালত জানিয়েছে, ‘ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট’ ব্যবহার করে প্রেসিডেন্ট বৈশ্বিক শুল্ক চাপাতে পারেন না। এই ঐতিহাসিক রায়ের পর ভারত সরকার প্রথমবার মুখ খুলল। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং ট্রাম্পের নতুন ঘোষণাগুলি খতিয়ে দেখা হচ্ছে।

আদালতের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প একে ‘অ্যান্টি-আমেরিকান’ বলে কটাক্ষ করেছেন এবং তৎক্ষণাৎ নতুন করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক ঘোষণা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মহান বন্ধু’ বললেও ট্রাম্প অভিযোগ করেন, “ভারত আমাদের ঠকাচ্ছিল।” তবে ভারতের জন্য স্বস্তির খবর এই যে, চলতি মাসের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি অনুযায়ী মার্কিন শুল্ক ৫০% থেকে কমে ১৮% হওয়ার কথা। বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে বলে খবর।

হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, নতুন ১০ শতাংশ শুল্ক সাময়িকভাবে ভারতের ওপরও কার্যকর হতে পারে। এই জটিল আইনি ও বাণিজ্যিক জট কাটাতে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়াশিংটনে তিন দিনের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব দর্পণ জৈনের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল সেখানে চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনা করবে।