সুপ্রিম নির্দেশে যুদ্ধকালীন তৎপরতা! সোম থেকেই ‘SIR’ যাচাইয়ে নামছেন ১৫০ বিচারক, গঠন হলো উচ্চপর্যায়ের কমিটি

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর কার্যত নজিরবিহীন তৎপরতা শুরু হলো কলকাতা হাইকোর্টে। আগামী সোমবার থেকেই তথ্যগত অসঙ্গতি যাচাইয়ের কাজে জেলা বিচারকরা সরাসরি যুক্ত হচ্ছেন। এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল প্রতিটি জেলার জন্য তিন সদস্যের একটি করে বিশেষ কমিটি গঠন করেছেন। এই কমিটিতে সংশ্লিষ্ট জেলার জেলা বিচারক, জেলাশাসক (DM) এবং পুলিশ সুপার (SP) থাকবেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকার ভুলভ্রান্তি দ্রুত ও নির্ভুলভাবে দূর করতে প্রায় ১৫০ জন সেশন বিচারক সরাসরি শুনানির কাজে যোগ দিচ্ছেন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সমস্ত জেলা আদালতের বিচারকদের ছুটি বাতিল করা হয়েছে। এমনকি যাঁরা ছুটিতে ছিলেন, তাঁদেরও ২৩ তারিখের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উত্তর কলকাতার জেশপ ভবনে নির্বাচন কমিশনের প্রতিনিধি ও বিচারকদের এক জরুরি বৈঠক ডাকা হয়েছে, যেখানে কাজের রূপরেখা ও আইনি পদ্ধতি চূড়ান্ত হবে।
বিচারকরা এই কাজে ব্যস্ত থাকায় নিয়মিত বিচারপ্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, তার জন্য বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরেকটি প্রশাসনিক কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি। শনিবার হাইকোর্টে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি এবং মুখ্য নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন। সুপ্রিম নির্দেশ মেনে সোমবার থেকেই বিচারবিভাগীয় আধিকারিকদের তত্ত্বাবধানে ভোটার তালিকার চূড়ান্ত শুদ্ধিকরণ শুরু হতে চলেছে।