ভিনগ্রহী রহস্যে ট্রাম্পের মোক্ষম চাল! ওবামার ওপর চটে গিয়ে সব গোপন ফাইল ফাঁসের নির্দেশ

মহাবিশ্বে আমরা কি একা? এই চিরন্তন রহস্য এবার মার্কিন রাজনীতির আঙিনায় এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভিনগ্রহী বা এলিয়েন এবং উড়ন্ত চাকতি (UFO) সংক্রান্ত আমেরিকার সরকারের কাছে থাকা সমস্ত গোপন নথি জনসমক্ষে আনার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মজার বিষয় হলো, এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি কৌতুকপূর্ণ মন্তব্য।

ঘটনার সূত্রপাত একটি সাক্ষাৎকারে ওবামার মন্তব্যকে ঘিরে। ওবামা মজা করে বলেছিলেন, ভিনগ্রহীরা সত্যি হতে পারে, কিন্তু তিনি তাদের দেখেননি। ওবামার এই মন্তব্যকে ‘গোপন তথ্য ফাঁস’ বলে কটাক্ষ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ওবামা যা বলেছেন তা অন্যায়। এরপরই ব্যঙ্গাত্মক সুরে ট্রাম্প জানান, ওবামাকে এই ‘ফাঁস করা তথ্য’ সংক্রান্ত সমস্যা থেকে বাঁচাতে তিনি নিজেই সমস্ত প্রাসঙ্গিক নথি বা ‘UFO ফাইল’ প্রকাশের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, জনগণের তীব্র কৌতূহল মেটাতেই তিনি ভিনগ্রহী ও পৃথিবীর বাইরের জীবন সংক্রান্ত ফাইল প্রকাশের এই সাহসী পদক্ষেপ নিয়েছেন।

তবে এই ঘোষণার পেছনে অন্য রাজনৈতিক সমীকরণও দেখছেন বিশ্লেষকরা। কুখ্যাত জেফরি এপস্টাইন মামলার ফাইল প্রকাশ নিয়ে ট্রাম্প যখন চাপের মুখে, ঠিক তখনই হঠাত ভিনগ্রহী রহস্য সামনে এনে তিনি মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছেন কি না, সেই প্রশ্নও উঠছে। যদিও পেন্টাগন বারবার জানিয়েছে যে পৃথিবীতে ভিনগ্রহীদের আসার কোনো অকাট্য প্রমাণ নেই, তবুও ট্রাম্পের এই ঘোষণার পর ‘এরিয়া ৫১’ এবং ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে।