‘আম ধরতে সময় লাগে, পড়তে এক সেকেন্ড!’ প্রতীক উরের দলবদল নিয়ে নজিরবিহীন তোপ বিকাশরঞ্জনের

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সিপিআইএম-এর যুব নেতা প্রতীক উর রহমানের তৃণমূলে যোগদান নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এই দলবদলকে কেন্দ্র করে এবার প্রতীক উরকে তীব্র ভাষায় বিঁধলেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। মেদিনীপুরে এক স্মরণসভায় যোগ দিতে এসে তিনি কটাক্ষের সুরে বলেন, “কারও অধঃপতন হলে অনেক বাহানা থাকে। গাছে আম পাকতে সময় লাগে, কিন্তু পড়তে এক সেকেন্ডও লাগে না।”

বিকাশবাবুর দাবি, যাঁদের আদর্শগত এবং নীতিগত পতন ঘটে, তাঁরাই দলবদল করে নানা অজুহাত দেন। শুধু প্রতীক উর নয়, সৃজন ভট্টাচার্য বা দীপ্সিতা ধরকে নিয়ে চলা দলবদলের জল্পনাও এদিন উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, যাঁরা পদত্যাগ করছেন তাঁরা রাজনৈতিকভাবে হীনতার পরিচয় দিচ্ছেন। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন (SIR) এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন তিনি। বিকাশের অভিযোগ, রাজ্যের দুর্নীতিগ্রস্ত প্রশাসনের ওপর কারও ভরসা নেই বলেই আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। ডিএ মামলা থেকে এসআইআর— সব ক্ষেত্রেই প্রশাসনের ব্যর্থতার জন্য সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন তিনি।