মাঝরাতে কেঁপে উঠল আফগান সীমান্ত! এয়ার স্ট্রাইকে খতম ১৯, যুদ্ধের দোরগোড়ায় দুই প্রতিবেশী?

মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে আফগান সীমান্তে গর্জে উঠল পাকিস্তানি যুদ্ধবিমান। রবিবার গভীর রাতে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ বিমান হানা (Air Strike) চালিয়েছে পাকিস্তান বায়ুসেনা। এই হামলায় কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যা নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে।
পাকিস্তানের দাবি: লক্ষ্য ছিল জঙ্গি ডেরা পাক মন্ত্রী আতাউল্লাহ তারার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নির্দিষ্ট অভিযান চালানো হয়েছে। তাঁর মতে, ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (TTP) এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলির মোট ৭টি আস্তানা ও ক্যাম্প ধ্বংস করেছে পাক সেনা। ইসলামাবাদের স্পষ্ট বার্তা— আঞ্চলিক শান্তি বজায় রাখতে তারা দায়বদ্ধ হলেও, পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তাই তাঁদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
পাল্টা তোপ আফগানিস্তানের: ‘হামলা হয়েছে মাদ্রাসায়’ অন্যদিকে, পাকিস্তানের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে আফগান সরকার। তাদের অভিযোগ, পাকিস্তান কোনো জঙ্গি ডেরায় নয়, বরং একটি সাধারণ মাদ্রাসায় হামলা চালিয়েছে। এই হামলায় ১৯ জন নিরীহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি কাবুলের। তালিবান প্রশাসন এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে এর যোগ্য জবাব দেওয়ার বা ‘প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
টানাপোড়েন ও অস্থির সীমান্ত ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর থেকেই ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয়। যদিও কাতারের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে, কিন্তু রবিবারের এই রক্তক্ষয়ী বিমান হানা সেই শান্তি প্রক্রিয়াকে কার্যত খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, পাকিস্তান আফগান ভূখণ্ডের ভেতরে ঢুকে এই অপারেশন চালিয়েছে, যা আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে।