ভোটার তালিকায় ‘মহা-ছাঁটাই’! গুজরাটে বাদ পড়ল ৬৮ লক্ষ নাম, দেশের নির্বাচনী মানচিত্রে বড় রদবদল

নির্বাচন কমিশনের নিবিড় সংশোধন বা SIR (Intensive Revision of Electoral Rolls) প্রক্রিয়ার দ্বিতীয় দফার শেষে দেশের ভোটার তালিকায় এক নজিরবিহীন পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে। দ্বিতীয় দফায় ৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই পরিসংখ্যান অনুযায়ী, গুজরাটে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে— যার সংখ্যা প্রায় ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১। শতাংশের হিসেবে গুজরাটের ভোটার তালিকায় ১৩.৪০% পতন দেখা গিয়েছে।
কমিশনের রিপোর্ট অনুযায়ী, মৃত ভোটার, পাকাপাকিভাবে স্থানান্তরিত হওয়া বা একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এক নজরে দেখে নিন কোন রাজ্যে কত নাম বাদ গেল:
| রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | বাদ পড়া ভোটারের সংখ্যা | বর্তমান ভোটার সংখ্যা |
| গুজরাট | ৬৮,১২,৭১১ | ৪,৪০,৩০,৭২৫ |
| মধ্যপ্রদেশ | ৩৪,২৫,০৭৮ | ৫,৩৯,৮১,০৬৫ |
| রাজস্থান | ৩১,৩৬,২৮৬ | ৫,১৫,১৯,৯২৯ |
| ছত্তীসগঢ় | ২৪,৯৯,৮২৩ | ১,৮৭,৩০,৯১৪ |
| কেরল | ৮,৯৭,২১১ | ২,৬৯,৫৩,৬৪৪ |
| গোয়া | ১,২৭,৪৬৮ | ১০,৫৭,৫৬৬ |
প্রথম দফায় বিহারে ৬৮.৫ লক্ষ নাম বাদ গিয়েছিল। দ্বিতীয় দফায় এই বিশাল ছাঁটাইয়ের পর এখন সবার নজর পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে। এই রাজ্যগুলিতে SIR-এর কাজ শেষ পর্যায়ে এবং ফেব্রুয়ারির শেষ দিকেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে কমিশন।