রমজানে রক্তক্ষয়ী বদলা! আফগানিস্তানে ঢুকে ৭টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল পাক বায়ুসেনা, সীমান্ত জুড়ে যুদ্ধের দামামা

পবিত্র রমজান মাসের মাঝেই রণক্ষেত্র হয়ে উঠল পাক-আফগান সীমান্ত। পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক ভয়াবহ আত্মঘাতী হামলার বদলা নিতে আফগানিস্তানের পাকতিকা ও নাঙ্গারহার প্রদেশে জোরালো বিমান হামলা চালাল পাকিস্তান বায়ুসেনা (PAF)। ইসলামাবাদের দাবি, পাক-আফগান সীমান্তের ওপাড়ে থাকা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ (FAK) এবং আইএস-খোরাসান (ISKP)-এর অন্তত সাতটি জঙ্গি আস্তানা লক্ষ্য করে এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে।
পাকিস্তানের তথ্য মন্ত্রক জানিয়েছে, ইসলামাবাদ, বাজাউর এবং বান্নুতে হওয়া নাশকতার ছক এই আফগান মাটি থেকেই কষা হয়েছিল। বিশেষ করে পাকতিকা প্রদেশের বারমাল জেলার একটি ধর্মীয় মাদ্রাসাকে কেন্দ্র করে জঙ্গিরা কার্যকলাপ চালাচ্ছিল বলে দাবি পাকিস্তানের। টোলো নিউজ সূত্রে খবর, শনিবার রাত থেকেই নাঙ্গারহারের খোগিয়ানি ও ঘানি খেল জেলা বোমা বর্ষণে কেঁপে ওঠে। পাকিস্তান সাফ জানিয়েছে, তাদের নাগরিকদের সুরক্ষার জন্য তারা সীমান্ত পেরিয়ে পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার রাখে। অন্যদিকে, এই হামলার জেরে আফগান তালিবান প্রশাসনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এখন তলানিতে। তালিবানদের পক্ষ থেকে এর পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর।