রুপোর দাম বেড়েছে ৮০০০ টাকা, বাজারে সোনা কত হল? জানুন সাপ্তাহিক রেট

বিশ্ব রাজনীতির অস্থিরতা আর যুদ্ধের আবহে এবার সরাসরি কোপ পড়ল মধ্যবিত্তের পকেটে। চলতি সপ্তাহেই ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। আমেরিকার সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন লগ্নিকারীরা, আর তাতেই হু হু করে বাড়ছে দাম।

সোনার গ্রাফ: ১.৫৫ লক্ষের গণ্ডি পার ইন্ডিয়া বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) এর তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ২,৩০১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৫,০৬৬ টাকায়। যেখানে গত সপ্তাহে এই দাম ছিল ১,৫২,৭৬৫ টাকা।

একনজরে আজকের সোনার বাজার দর (প্রতি ১০ গ্রাম):

  • ২৪ ক্যারেট: ১,৫৫,০৬৬ টাকা (বাজার ভেদে ১,৫৫,৫০০ পর্যন্ত লেনদেন হচ্ছে)

  • ২২ ক্যারেট (গয়নার সোনা): ১,৪২,০৪০ টাকা

  • ১৮ ক্যারেট: ১,১৬,৩০০ টাকা

রুপোর ‘সুপারফাস্ট’ দৌড়: ২.৫০ লক্ষ ছাড়াল সোনার চেয়েও বেশি গতিতে ছুটছে রুপোর দাম। এক সপ্তাহে প্রতি কেজিতে প্রায় ৭,৮৮১ টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে রুপোর কেজি যেখানে ২,৪২,৪৩৩ টাকা ছিল, তা বর্তমানে ২,৫০,৩১৪ টাকায় পৌঁছেছে। চিন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ এবং সৌর প্যানেল তৈরিতে রুপোর বিপুল চাহিদাই এই দাম বৃদ্ধির প্রধান অনুঘটক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিছু খুচরো বাজারে রুপো এখন ২.৭২ লক্ষ থেকে ২.৭৫ লক্ষ টাকার স্তরে ঘোরাফেরা করছে।

হঠাৎ এই দাম বৃদ্ধির ৩টি কারণ:

  • ভূ-রাজনৈতিক অস্থিরতা: রাশিয়া-ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনায় শেয়ার বাজারের অস্থিরতা এড়াতে বিনিয়োগকারীরা সোনাকেই সবচেয়ে ‘নিরাপদ’ মনে করছেন।

  • ডলারের প্রভাব: মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারের সংকেত এবং ডলারের ওঠানামা সরাসরি প্রভাব ফেলছে ভারতীয় বাজারে।

  • বিয়ের মরসুম: ভারতে বিয়ের মরসুম সামনেই, ফলে গয়নার চাহিদা বেড়েছে তুঙ্গে।

কিভাবে জানবেন সঠিক দাম? মনে রাখবেন, IBJA যে দাম প্রকাশ করে তাতে GST এবং মেকিং চার্জ যুক্ত থাকে না। সরকারি ছুটি এবং শনি-রবিবার বাদে প্রতিদিনের রেট জানতে আপনি আপনার ফোন থেকে 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। ফিরতি SMS-এ আপনার মোবাইলে পৌঁছে যাবে লেটেস্ট সোনার দাম।