মোদি-শাহের গড়েই ভোটার তালিকায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’! এক ধাক্কায় বাদ পড়ল ৬৮ লক্ষ নাম, কী ঘটেছিল গুজরাটে?

লোকসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। ১২টি রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়া শেষে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। আর এই তালিকাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজের রাজ্য গুজরাটে সবচেয়ে বেশি সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, গুজরাটে প্রায় ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে।

সংশোধনের আগে গুজরাটে ভোটারের সংখ্যা ছিল ৫ কোটির বেশি, যা এখন কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লক্ষের আশেপাশে। শুধু গুজরাট নয়, মধ্যপ্রদেশে ৩৪ লক্ষ এবং রাজস্থানেও ৩১ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এমনকি ছত্তিশগড়, কেরল এবং গোয়ার মতো রাজ্যেও বড় অঙ্কের ছাঁটাই হয়েছে। কমিশনের এই নিবিড় সংশোধন প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল ভুয়া ভোটার এবং মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে সরানো। তবে গুজরাটের এই রেকর্ড সংখ্যক ছাঁটাই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কমিশনের পরবর্তী নজর এখন পশ্চিমবঙ্গের দিকে, যেখানে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। উত্তরপ্রদেশের তালিকা প্রকাশিত হবে ১০ এপ্রিল।