বাঁ-হাতি শিল্পী আর রুপোর মল— সুন্দরবন থেকে শহরে ছড়ানো রহস্যের জাল! ওটিটি-তে কবে আসছে ‘কাটাকুটি ২’?

প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর ফের ওটিটি কাঁপাতে আসছে পরিচালক রাজা চন্দর মনস্তাত্ত্বিক থ্রিলার ‘কাটাকুটি ২’। সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লিক (Klikk) প্ল্যাটফর্মের এই সিরিজের ট্রেলার মুক্তি পেল। তবে এবারের গল্পে থাকছে বড় চমক; বদলে গিয়েছে সিরিজের প্রধান মুখেরা। অভিনয় করেছেন সুব্রত দত্ত, অমৃতা চট্টোপাধ্যায়, শাওন চক্রবর্তী এবং অলকানন্দা রায়ের মতো দক্ষ শিল্পীরা।

গল্পের কেন্দ্রে রয়েছেন সমীর মণ্ডল (সুব্রত দত্ত), যিনি সাত বছর জেল খাটার পর মুক্তি পেয়েছেন। কিন্তু সমাজ ও পরিবার তাঁকে গ্রহণ করতে নারাজ। সমীরের হারানো সম্মান পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হন সাংবাদিক রাকা (অমৃতা চট্টোপাধ্যায়)। তদন্তে উঠে আসে সুন্দরবনের এক কিশোরীর খুনের সঙ্গে নন্দিনী হত্যাকাণ্ডের অদ্ভুত মিল। দুই শিকারই ছিল বাঁ-হাতি শিল্পী এবং পরতেন রুপোর মল। এই খুনের রহস্যের শিকড় কি লুকিয়ে ধ্রুবজ্যোতি ওরফে ‘রঙিন’-এর শৈশবের কোনও ট্রমার মধ্যে? সিরিজের বিশেষ আকর্ষণ রাজা চন্দের নিজের গলায় গাওয়া একটি র‍্যাপ এবং তাঁর পুত্র রাজপুত্র চন্দের সঙ্গীত পরিচালনা। মানসিক আঘাত ও বিচার ব্যবস্থার টানাপোড়েন নিয়ে তৈরি এই সিরিজ দর্শকদের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেবে বলেই আশা করা হচ্ছে।