সৌরভ-সেনাকর্তা মেগা বৈঠক! ঢেলে সাজানো হচ্ছে ইডেন, বিশ্বকাপের মাঝেই বড় খবর শোনালেন মহারাজ!

কলকাতায় এখন টি-২০ বিশ্বকাপের ভরা মরশুম। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচ আর সেমিফাইনালের উত্তেজনায় ফুটছে তিলোত্তমা। ঠিক এই আবহে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সকে আরও আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে বড় পদক্ষেপ নিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার বেঙ্গল সাব এরিয়ার হেড কোয়ার্টার্সে জিওসি মেজর জেনারেল ডিকে সিংয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে সারলেন মহারাজ। যেখানে মূল আলোচনার বিষয় ছিল ইডেনের আসন্ন সংস্কার এবং স্টেডিয়ামের লিজ সংক্রান্ত জটিলতা।

ইডেনে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। সামনেই ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হাই-ভোল্টেজ ম্যাচ এবং ৪ মার্চের সেমিফাইনাল। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের পরিকাঠামো নিয়েও তত্পর সিএবি। মেজর জেনারেল ডিকে সিং নতুন দায়িত্ব নেওয়ায় তাঁকে বিশ্বকাপের বিশেষ স্মারক দিয়ে সংবর্ধনা জানান সৌরভ। বৈঠকে উপস্থিত ছিলেন সিএবি সচিব বাবলু কোলে ও কোষাধ্যক্ষ সঞ্জয় দাসও।

সূত্রের খবর, ইডেন গার্ডেন্সের লিজ নবীকরণ এবং স্টেডিয়ামকে নতুন রূপে সাজিয়ে তোলার নকশা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে সেনাকর্তাদের সঙ্গে। যেহেতু ইডেন সেনাবাহিনীর জমিতে অবস্থিত, তাই যে কোনও সংস্কারের জন্য ফোর্ট উইলিয়ামের অনুমতি বাধ্যতামূলক। সিএবি সূত্রে জানা গিয়েছে, সংস্কারের চূড়ান্ত নকশা ইতিমধ্যেই তৈরি। বিশ্বকাপ এবং তার ঠিক পরেই শুরু হতে চলা আইপিএলের মেগা ইভেন্ট শেষ হলেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হবে ইডেনের ভোলবদলের কাজ। আইপিএলে কেকেআর-এর ঘরের মাঠে ম্যাচগুলি শেষ হওয়ার পরই হয়তো হাত পড়বে ক্রিকেটের নন্দনকাননের গ্যালারি ও আধুনিকীকরণের কাজে।