রিমোট নিয়ে লড়াই না কি ঠান্ডা মাথায় খুন? টিভির আওয়াজ নিয়ে বচসার জেরে এসি মেকানিক স্বামীকে সপাটে ছুরি স্ত্রীর!

স্বামী-স্ত্রীর মধ্যে টিভির আওয়াজ বা রিমোট নিয়ে ঝগড়া নতুন কিছু নয়। কিন্তু সেই সামান্য বিবাদ যে খুনের পর্যায় পৌঁছাতে পারে, তা ভেবেই শিউরে উঠছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা। টিভির ভলিউম কমানো নিয়ে বচসার জেরে নিজের ২৭ বছর বয়সী স্বামীকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত যুবকের নাম শেখ আহমেদ (২৭)। পেশায় তিনি ছিলেন একজন এসি মেকানিক। পুলিশ সূত্রে খবর, ঘটনার রাতে বাড়িতে জোরে টিভি দেখছিলেন আহমেদ। তাঁর স্ত্রী ক্রান্তি টিভির আওয়াজ কমাতে বললে দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। বচসা চলাকালীন রাগ সামলাতে না পেরে ক্রান্তি রান্নাঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে এসে আহমেদের ওপর ঝাঁপিয়ে পড়েন। আহমেদের শরীরের একাধিক জায়গায় সপাটে ছুরি চালানো হয় বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় আহমেদকে চিৎকার করতে শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত তাঁকে উদ্ধার করে বিজয়ওয়াড়ার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাগের মাথায় এই কাণ্ড ঘটানো হলেও এর পিছনে অন্য কোনও পুরনো পারিবারিক বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।