ক্রিকেটের আঙিনায় নাম ও ধর্ম বদল! তালিকায় ৩ লঙ্কান থেকে পাকিস্তানের কিংবদন্তি, অবাক করবে কারণ!

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বর্তমানে চলছে ২০২৬ টি-২০ বিশ্বকাপের মেগা আসর। গ্রুপ পর্বের টানটান উত্তেজনার পর এবার সুপার এইট পর্যায়ের লড়াই শুরু হতে চলেছে। তবে মাঠের বাউন্ডারি আর দিলস্কুপের মাঝেই উঠে এল ক্রিকেটের এক অজানা ইতিহাস। বিশ্বের এমন অনেক নামী ক্রিকেটার রয়েছেন, যাঁরা কেরিয়ারের মাঝে নিজের নাম এবং ধর্ম পরিবর্তন করেছিলেন। কেউ সতীর্থের অনুপ্রেরণায়, কেউ আবার পারিবারিক কারণে নিজের পরিচয় বদলেছেন। তালিকায় নজর কাড়া ৪ তারকা হলেন:
১. মহম্মদ ইউসুফ (পাকিস্তান): পাকিস্তানের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মহম্মদ ইউসুফ একটা সময় ‘ইউসুফ ইউহানা’ নামে পরিচিত ছিলেন। পাকিস্তানের চতুর্থ খ্রিস্টান ক্রিকেটার হিসেবে তিনি জাতীয় দলে খেলেন। ২০০৫ সালে সতীর্থ সইদ আনোয়ারের দ্বারা প্রভাবিত হয়ে তিনি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইউসুফ পাকিস্তানের হয়ে ২৮৮টি ওডিআই-তে ৯,৭২০ রান এবং ৯০টি টেস্টে ৭,৫৩০ রান করেছেন।
২. তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা): বিধ্বংসী এই ওপেনারের পূর্ব নাম ছিল তুয়ান মহম্মদ দিলশান। তাঁর বাবা ছিলেন মুসলিম এবং মা বৌদ্ধ। বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের ধর্ম বৌদ্ধধর্ম বেছে নেন এবং নতুন নাম হয় তিলকরত্নে দিলশান। শ্রীলঙ্কার হয়ে ১০ হাজারেরও বেশি ওডিআই রান করা এই তারকা তাঁর ‘দিলস্কুপ’ শটের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।
৩. সূরজ রণদীভ (শ্রীলঙ্কা): সেহওয়াগকে শতরান করতে না দেওয়ার জন্য ইচ্ছাকৃত ‘নো-বল’ বিতর্কে জড়িয়েছিলেন এই লঙ্কান অফ-স্পিনার। শুরুর জীবনে তিনি ছিলেন মুসলিম, নাম ছিল মোহামেদ মারশুক মোহামেদ সূরজ। ২০১০ সালে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন। ২০১১ বিশ্বকাপ ফাইনাল খেলা এই ক্রিকেটার এখন অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন।
৪. আসগর আফগান (আফগানিস্তান): আফগান ক্রিকেটের সফলতম অধিনায়ক আসগর স্তানিকজাই ২০১৮ সালে নিজের পদবী বদলে করেন ‘আফগান’। দেশের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর অধিনায়কত্বেই আফগানিস্তান তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ খেলে।