সেলিমের চোখের জল ‘কুম্ভীরাশ্রু’! দল ছেড়ে মহম্মদ সেলিমকে নজিরবিহীন আক্রমণ প্রতীক উর রহমানের

সিপিএমের অন্দরে বিদ্রোহ এখন তুঙ্গে! তরুণ নেতা প্রতীক উর রহমানের দল ছাড়ার সিদ্ধান্তে তোলপাড় আলিমুদ্দিন। শুক্রবার প্রতীক উরের ইস্তফা প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি এই ক্ষতিকে ‘সন্তানহারা’ হওয়ার সঙ্গে তুলনা করেন, এমনকি তাঁর চোখও ছলছল করে ওঠে। কিন্তু সেই আবেগকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে সেলিমের চোখের জলকে ‘কুম্ভীরাশ্রু’ বলে কটাক্ষ করলেন প্রতীক উর রহমান।

সংঘাতের কেন্দ্রবিন্দু: মহম্মদ সেলিম দাবি করেছেন, প্রতীকের বিরুদ্ধে গত দেড়-দুই মাস ধরে কিছু অভিযোগ আসছিল, যা নিয়ে তিনি নিজে রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সরব হয়েছিলেন। এর পাল্টা প্রতীক উর বলেন, “উনি ভালো করে চিঠিটা পড়ুন, আমি নিজেই অব্যাহতি নিয়েছি।” এখানেই শেষ নয়, সেলিমকে ব্যক্তিগত আক্রমণ করে প্রতীক বলেন, “রতনে রতন চেনে, উনি চেনেন হুমায়ুন আর শতরূপকে।”

বিস্ফোরক প্রতীক উর: প্রতীকের দাবি, দল তাঁকে নিয়ে কী সিদ্ধান্ত নিল বা না নিল, তাতে তাঁর কিছু যায় আসে না। সেলিমের মতো নেতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, বাম শিবিরের পুরনো নেতৃত্বের সঙ্গে কাজ করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। প্রতীক উরের এই দলবদল বা নিষ্ক্রিয়তা আগামী নির্বাচনে সিপিএমের যুব ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।