ভারতে গুগলের ১৫ বিলিয়ন ডলারের ধামাকা! বিশাখাপত্তনমে এশিয়ার বৃহত্তম AI হাব গড়ছেন সুন্দর পিচাই

দিল্লির ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ থেকে ভারতের প্রযুক্তি মানচিত্রে বড় বদলের ডাক দিলেন গুগল সিইও সুন্দর পিচাই। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গুগলের একটি ‘ফুল-স্ট্যাক এআই হাব’ তৈরির ঘোষণা করেছেন তিনি। ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের এই মেগা প্রজেক্টটি সম্পন্ন হলে এটি এশিয়ার বৃহত্তম ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে।
খড়গপুরের স্মৃতিতে আবেগপ্রবণ পিচাই: এই ঘোষণার সময় নিজের ছাত্রজীবনের স্মৃতি রোমন্থন করেন পিচাই। তিনি জানান, চেন্নাই থেকে আইআইটি খড়গপুরে যাওয়ার সময় করমণ্ডল এক্সপ্রেস ধরতেন তিনি, যা বিশাখাপত্তনমের ওপর দিয়েই যেত। পিচাইয়ের কথায়, “তখন বিশাখাপত্তনম ছিল শান্ত একটি শহর, আর আজ সেখানেই গুগল তার সবচেয়ে বড় প্রযুক্তি হাব তৈরি করছে।” প্রাক্তনীর এই সাফল্যে গর্বিত আইআইটি খড়গপুর কর্তৃপক্ষও।
কী থাকছে এই প্রজেক্টে? গুগলের এই ১ গিগাওয়াট ডেটা সেন্টারটি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমুদ্রের তলদেশ দিয়ে ডেটা কেবলের মাধ্যমে সংযোগ স্থাপন করবে। এর ফলে যেমন হাই-স্পিড ইন্টারনেট ও এআই প্রযুক্তির উন্নতি হবে, তেমনই ভারতে কয়েক হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুন্দর পিচাইয়ের মতে, এই হাবটি ভারতের ভবিষ্যতের কর্মক্ষেত্রকে সম্পূর্ণ নতুন আকার দেবে।