নির্বাচন কমিশন বনাম রাজ্য সংঘাত! এবার SIR তদারকিতে জেলা বিচারকদের নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে তৈরি হওয়া ‘আস্থার ঘাটতি’ (Trust Deficit) মেটাতে এবার বিচার বিভাগীয় হস্তক্ষেপের পথে হাঁটল শীর্ষ আদালত। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজ তদারকি করবেন অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার আধিকারিকরা।
কেন এই বিচার বিভাগীয় তদারকি? আদালত লক্ষ্য করেছে, নবান্ন এবং নির্বাচন কমিশনের পারস্পরিক কাদা ছোড়াছুড়ির ফলে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কমিশন যেখানে পর্যাপ্ত অফিসারের অভাবের কথা বলছে, সেখানে রাজ্য সরকারের দাবি—কমিশন অযথা ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এই অস্বস্তিকর পরিস্থিতি সামাল দিতেই নিরপেক্ষ বিচারিক আধিকারিকদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই আধিকারিকদের নিয়োগ করবেন।
কী হবে বিচারকদের কাজ? এই বিচারিক আধিকারিকরা মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করবেন। বিশেষ করে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ বা তথ্যগত অসঙ্গতির কারণে যে নামগুলো নিয়ে বিতর্ক রয়েছে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরাই। ২৮শে ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কাজের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে। পাশাপাশি, SIR আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের ডিজিপি-কে বিশেষ নির্দেশ দিয়েছে আদালত।