পেট্রোল পাম্পে খাণ্ডব দাহ! সিগারেট খেতে বাধা দেওয়ায় তেলের পাইপে আগুন ধরিয়ে দিল যুবক

প্রতিশোধের নেশা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তার সাক্ষী থাকল ছত্তিশগড়ের রায়পুর। পেট্রোল পাম্পে ধূমপান করতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তেলের পাইপেই আগুন ধরিয়ে দিল এক ব্যক্তি! ১৯ ফেব্রুয়ারি রায়পুরের উরলা এলাকায় ঘটে যাওয়া এই শিউরে ওঠা ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটু ভুলচুক হলেই আস্ত একটি এলাকা মানচিত্র থেকে মুছে যেতে পারত।
ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, উরলা এলাকার একটি পেট্রোল পাম্পে দুই যুবক মোটরসাইকেলে তেল ভরতে আসেন। তেল ভরার মাঝেই একজন হঠাৎ পকেটে হাত দিয়ে সিগারেট ধরানোর চেষ্টা করেন। পাম্পের কর্মীরা সঙ্গে সঙ্গে সতর্ক করে জানান যে, এখানে ধূমপান করা নিষিদ্ধ এবং প্রাণঘাতী। অভিযোগ, এই সাধারণ সতর্কবার্তা শুনেই অগ্নিশর্মা হয়ে ওঠেন ওই যুবক। মুহূর্তের মধ্যে পকেট থেকে লাইটার বের করে পেট্রোল ভরার পাইপে আগুন ধরিয়ে দেন তিনি!
ভয়াবহ পরিণতির হাত থেকে রক্ষা: আগুন লাগার সাথে সাথেই তা বাইকের ফুয়েল ট্যাঙ্ক ও ডিসপেন্সিং ইউনিটে ছড়িয়ে পড়ে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাম্প কর্মীদের অসীম সাহসিকতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এক কর্মী দ্রুত পাইপ সরিয়ে তেলের মেইন সুইচ বন্ধ করে দেন এবং অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুই অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও কর্মীরা তাদের ধরে ফেলেন। পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে কড়া ধারায় মামলা রুজু করা হয়েছে।