সিনেমার গল্পকেও হার মানাবে! ভুল ট্রেনে উঠে কেরল পাড়ি, ১৪ বছর পর ঘর ফিরছে হারিয়ে যাওয়া বালক

জীবন অনেক সময় সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে দেয়। ২০১২ সালে বাবার হাত ধরে হাওড়া আসার পথে হারিয়ে গিয়েছিল ৬ বছরের একরত্তি বালক। আজ ২০২৬ সালে সে ২০ বছরের সুঠাম তরুণ। মাঝে কেটে গেছে দীর্ঘ ১৪টি বছর। ভুল ট্রেনে চড়ে পশ্চিমবঙ্গ থেকে সুদূর কেরলে পৌঁছে যাওয়া সেই বালক অবশেষে খুঁজে পেল তার শিকড়। ফিরল নিজের পরিবারের কাছে।
কীভাবে ঘটেছিল এই বিপত্তি? ২০১২ সালের সেই অভিশপ্ত দিনে বাবার সঙ্গে হাওড়া আসছিল গোপ। ভিড়ের মধ্যে বাবার হাত ফস্কে আলাদা হয়ে যায় সে। সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে হাওড়া যাওয়ার ট্রেন ভেবে উঠে পড়েছিল বছর ছয়েকের শিশুটি। কিন্তু সেই ট্রেন তাকে নিয়ে হাজির করে কেরলের কান্নুরে। ছোট্ট গোপ নিজের নাম বা বাড়ির ঠিকানা কিছুই স্পষ্টভাবে বলতে পারেনি। অগত্যা তাকে উদ্ধার করে ঠাঁই দেওয়া হয় কান্নুরের একটি হোমে।
ভিডিওর ম্যাজিকেই ফিরল পরিবার: একদিকে গোপ যখন ভিনরাজ্যে বড় হচ্ছিল, অন্যদিকে তার পরিবার হন্যে হয়ে খুঁজেও হাল ছেড়ে দিয়েছিল। এই দীর্ঘ সময়ে গোপের বাবাও পরলোকগমন করেছেন। কিন্তু হাল ছাড়েনি কান্নুরের সেই হোম কর্তৃপক্ষ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সম্প্রতি গোপের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। সেই ভিডিও দেখেই চাইবাসার (ঝাড়খণ্ড) এক পরিবার চিনতে পারে তাদের হারিয়ে যাওয়া ছেলেকে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই ১৪ বছরের ‘বনবাস’ কাটিয়ে নিজের পরিবারের কোলে ফিরবে গোপ।