জুতো পরে পরীক্ষা দেওয়া মানা! SSC গ্রুপ সি ও ডি-র পরীক্ষায় আজব নিয়ম, না মানলে বাতিল খাতা

নিয়োগ নিয়ে পুরনো সব বিতর্ক ধুয়ে মুছে ফেলতে কোমর বেঁধে নেমেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী ১ ও ৮ মার্চ অনুষ্ঠিত হতে চলা গ্রুপ ‘সি’ ও ‘ডি’ নিয়োগ পরীক্ষায় এবার নজিরবিহীন কড়াকড়ি জারি করা হলো। টুকলি বা কোনো রকম অসদুপায় রুখতে এবার পরীক্ষার্থীদের পোশাক-আশাকের ওপরও বিশেষ নজর দিচ্ছে কমিশন। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, পা-ঢাকা জুতো পরে কোনোভাবেই পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।
চটিই ভরসা, জুতো হলেই বিপদ: কমিশনের নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার্থীদের শুধুমাত্র হাওয়াই চটি বা স্যান্ডেল পরে আসতে হবে। যদি কেউ ভুল করে পা-ঢাকা জুতো পরে আসেন, তবে তাঁকে পরীক্ষা হলের বাইরেই তা খুলে রেখে খালি পায়ে ভেতরে ঢুকতে হবে। সিসিটিভি ক্যামেরা ও মেটাল ডিটেক্টরের নজরদারি তো থাকছেই, সেই সঙ্গে কড়া তল্লাশি চালিয়েই তবে মিলবে প্রবেশাধিকার।
নিষিদ্ধ বস্তুর লম্বা তালিকা: পরীক্ষার হলে কোনো রকম ঘড়ি (এনালগ বা ডিজিটাল), মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস আনা কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি কোনো ধাতব গয়না পরে আসাও মানা করা হয়েছে। সঙ্গে রাখা যাবে কেবল একটি স্বচ্ছ বলপেন, অ্যাডমিট কার্ড ও সচিত্র পরিচয়পত্র। ওএমআর শিট পূরণের জন্য শুধুমাত্র কালো বা নীল বলপেন ব্যবহার করা যাবে। বেলা ১২টার পর গেট বন্ধ হয়ে গেলে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের এই ‘লোহার পর্দা’ নীতি নিয়োগ প্রক্রিয়ায় নতুন মোড় আনে কি না, এখন সেটাই দেখার।