প্রতিবেশী দেশ হলেও সময়ের হিসেবে অনেক তফাত! ভারত-পাকিস্তানের সময়ের পার্থক্য জানেন কি?

ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী দেশ। একই সঙ্গে স্বাধীনতা পেলেও সময়ের হিসেবে কিন্তু এই দুই দেশ এক নয়। আপনি কি জানেন, ঘড়ির কাঁটায় কোন দেশে আগে রাত ১০টা বাজে? শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তর অনেকেরই অজানা। আপনিও যদি মনে করেন দুই দেশে একই সময়ে ঘড়ি চলে, তবে আপনি ভুল!

কোথায় আগে ১০টা বাজে? সঠিক উত্তর হলো—ভারত। ভারতের ঘড়িতে যখন ১০টা বাজে, পাকিস্তানে তখন বাজে রাত ৯টা ৩০ মিনিট। অর্থাৎ সময়ের হিসেবে ভারত পাকিস্তানের চেয়ে ঠিক ৩০ মিনিট বা আধ ঘণ্টা এগিয়ে। ভারতে আগে ১০টা বাজার ঠিক আধ ঘণ্টা পর পাকিস্তানে ১০টা বাজে।

কেন এই সময়ের পার্থক্য? ভৌগোলিক নিয়ম অনুযায়ী, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ফলে যে দেশ যত পূর্বে অবস্থিত, সেখানে আগে সূর্য ওঠে এবং সময়ও এগিয়ে থাকে। ভারত ভৌগোলিকভাবে পাকিস্তানের চেয়ে কিছুটা পূর্ব দিকে অবস্থিত। ভারতের মান সময় (IST) হলো UTC+5:30, অন্যদিকে পাকিস্তানের মান সময় (PKT) হলো UTC+5:00। ১৯৪৭ সালে দেশভাগের সময় থেকেই এই আধ ঘণ্টার ব্যবধান বজায় রাখা হয়েছে। তাই ভারতে যখন রাত ১০টা, পাকিস্তানে তখন আধ ঘণ্টা দেরি।