মিমির ২ কোটির মামলার পাল্টা ২০ লাখ চাইলেন তনয়! বনগাঁয় অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী এবং বনগাঁর ক্লাব কর্তা তনয় শাস্ত্রীর সংঘাত এবার চরমে। মিমি ২ কোটি টাকার মানহানির মামলা ঠুকতেই পাল্টা চাল চাললেন তনয়। শুক্রবার বনগাঁ থানায় হাজির হয়ে মিমির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি ২০ লক্ষ টাকার মানহানির দাবি তুললেন তিনি। শুধু তাই নয়, অভিনেত্রীকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

পুরানো বিবাদ নতুন মোড়: ঘটনার সূত্রপাত গত ২৫ জানুয়ারি। বনগাঁর একটি ক্লাবের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে দাবি করেছিলেন মিমি। তাঁর অভিযোগের ভিত্তিতে তনয় শাস্ত্রীকে ১৪ দিন জেল খাটতে হয়। জেল থেকে ফিরেই এবার মিমির বিরুদ্ধে সরব হলেন তিনি। তনয়ের দাবি, “মিমি ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিলেও সঠিক সময়ে আসেননি। তাঁর মিথ্যা মামলার জন্য আমার সামাজিক সম্মান ধুলোয় মিশেছে।”

মিমি বনাম তনয়: পাল্টাপাল্টি বয়ান তনয় শাস্ত্রীর অভিযোগ, মিমিকে কোনো অসম্মান করা হয়নি, উল্টে তিনিই সময়মতো না এসে ক্লাবকে বিপদে ফেলেছেন। অন্যদিকে, মিমির আপ্তসহায়ক জানিয়েছেন, তনয় শাস্ত্রী মদ্যপ ব্যক্তির মাধ্যমে মিমিকে তাঁর বাড়িতে যাওয়ার কুপ্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়াতেই এই প্রতিহিংসা। অভিনেত্রী ইতিমধ্যেই ২ কোটি টাকার মানহানির নোটিশ পাঠিয়েছেন। এখন দেখার, গ্ল্যামার দুনিয়া আর আইনি লড়াইয়ের এই জল কতদূর গড়ায়।