ভোটার তালিকায় বেনজির ‘সুপ্রিম’ নির্দেশ! তথ্য যাচাই করবেন হাইকোর্ট নিযুক্ত বিচারকরা, কার্যত নবান্নের হাত থেকে ক্ষমতা কাড়ল আদালত

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে শুক্রবার এক নজিরবিহীন রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভোটার তালিকার ‘তথ্যগত অসঙ্গতি’ (Logical Discrepancy) খতিয়ে দেখার দায়িত্ব আর কেবল সরকারি আধিকারিকদের ওপর ছেড়ে রাখা যাবে না। এখন থেকে এই যাচাইকরণ প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত কর্মরত ও প্রাক্তন জেলা জজ পর্যায়ের বিচার বিভাগীয় আধিকারিকরা।

নির্দেশের মূল নির্যাস:

  • বিচার বিভাগীয় নজরদারি: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ (ADJ) পদমর্যাদার আধিকারিকদের নিয়োগ করবেন। তাঁরাই ভোটারদের দাবি ও আপত্তি নিষ্পত্তির চূড়ান্ত ক্ষমতা ভোগ করবেন।

  • ২৮ তারিখের তালিকা চূড়ান্ত নয়: নির্বাচন কমিশন আগামী ২৮ ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ করবে, তাকে ‘চূড়ান্ত’ বলে মানছে না আদালত। জানানো হয়েছে, স্ক্রুটিনি প্রক্রিয়া চলতে থাকবে এবং প্রয়োজনে পরে অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে।

  • রাজ্য ও কমিশনের মধ্যে আস্থার অভাব: আদালত পর্যবেক্ষণ করেছে যে, রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে যে ‘Trust Deficit’ বা বিশ্বাসের অভাব তৈরি হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই কারণেই মাইক্রো অবজারভার এবং বিচার বিভাগীয় আধিকারিকদের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে।

  • ডিজি-কে ভর্ৎসনা: রাজ্যে ভোটার তালিকা সংশোধন ঘিরে অশান্তি এবং রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনায় রাজ্য পুলিশের ডিজি-কে কড়া বার্তা দিয়েছে আদালত। মার্চের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।