নির্বাচন কমিশনে বড় ধাক্কা! এবার বিচারকদের হাতে বাংলার ভোটার তালিকা, সুপ্রিম কোর্টে ইতিহাস

পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে চলমান আইনি লড়াইয়ে এক ঐতিহাসিক ও নজিরবিহীন রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যে নির্বাচন কমিশনের কাজে যে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ তৈরি হয়েছে, তা মেটাতে এবার জেলা বিচারক ও অতিরিক্ত জেলা বিচারকদের নজরদারিতেই হবে চূড়ান্ত শুনানি। অর্থাৎ, ভোটার তালিকা নিয়ে শেষ কথা আর কমিশন নয়, বলবেন জুডিশিয়াল অফিসাররা।
এদিন সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন নির্বাচন কমিশন জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে মাত্র ৯৫ শতাংশ তালিকা প্রকাশ করা সম্ভব। বাকি ৫ শতাংশের কাজ নথিপত্র যাচাইয়ের অভাবে থমকে রয়েছে। এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে রাজ্য সরকার। দীর্ঘ বিতর্কের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ কমিটি গঠন করতে হবে, যেখানে জেলা বিচারকরা এই ভোটার জট কাটাবেন। সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, ভোটারদের নাম অন্তর্ভুক্তি বা বাদ যাওয়ার ক্ষেত্রে বিচারকদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং রাজ্য ও কমিশন তা মানতে বাধ্য থাকবে।
সুপ্রিম কোর্টের এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কমিশনের একাধিপত্য খর্ব করে বিচারকদের ওপর দায়িত্ব দেওয়ার এই ঘটনা নজিরবিহীন। অন্যদিকে, রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যে হিংসার অভিযোগ উঠেছে, তারও রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। ২৮ তারিখের পর যে অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে, তা মূলত এই বিচারবিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত করা হবে। এর ফলে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।