রেলযাত্রীদের চরম ভোগান্তি! শনি ও রবিবারে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, বেরোনোর আগে তালিকা দেখুন

সপ্তাহান্তের ছুটিতে ট্রেন যাত্রার পরিকল্পনা থাকলে সতর্ক হোন। শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় আগামী শনি ও রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। একটি ফুট ওভারব্রিজ ভাঙার কাজের জন্য জরুরি ভিত্তিতে এই পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। রেল সূত্রের খবর, দুই দিন মিলিয়ে মোট ২৩টি লোকাল ট্রেন বাতিল থাকবে, যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্যযাত্রীরা।

শনিবার রাতে মোট ৮টি এবং রবিবার ভোর থেকে সকালের মধ্যে ১৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বজবজ শাখার একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে। শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর আপ ও ডাউন (৩৪৭৫৪, ৩৪৭৫৭), শিয়ালদা-ক্যানিং (৩৪৫৫২, ৩৪৫৫৭), এবং শিয়ালদা-বজবজ (৩৪১৬৪, ৩৪১৬৩) শাখার রাত ১০টার পরবর্তী ট্রেনগুলি শনিবার বাতিল থাকবে।

রবিবার ভোগান্তি আরও বাড়বে। ভোর ৪টে ১৫ থেকে সকাল ৯টা ২৭ পর্যন্ত সোনারপুর, বারুইপুর, বজবজ, ডায়মন্ড হারবার ও ক্যানিং শাখার একাধিক লোকাল বাতিল করা হয়েছে। এমনকি বজবজ-নৈহাটি (৩১০৫১) এবং নৈহাটি-শিয়ালদা (৩১৪২২) লোকালও বাতিলের তালিকায় রয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সুরক্ষার খাতিরেই এই মেরামতি প্রয়োজন, তবে বিকল্প ব্যবস্থার অভাব এবং দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষের হয়রানি বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।