ভারতের প্রথম ‘AI সিটি’ এখন লখনউতে! মোদীর MANAV ভিশনে বড় ঘোষণা যোগী আদিত্যনাথের

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ‘M.A.N.A.V.’ (মানবকেন্দ্রিক, দায়িত্বশীল ও স্বচ্ছ) ভিশনকে বাস্তবায়িত করতে কোমর বেঁধে নামল উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রীর এই ভাবনাকে সঙ্গী করে লখনউতে গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম ‘AI সিটি’। শুধু তাই নয়, উন্নাওতে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে ভারতের প্রথম AI-চালিত মাল্টিডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয়।

যোগী সরকারের এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য হলো উত্তরপ্রদেশকে প্রযুক্তির গ্লোবাল হাবে পরিণত করা। লখনউয়ের এই AI সিটিতে বিশ্বমানের স্টার্টআপ ইকোসিস্টেম এবং সাইবার সিকিউরিটি রিসার্চ সেন্টার গড়ে তোলা হবে। পাশাপাশি, ‘AI প্রজ্ঞা’ উদ্যোগের মাধ্যমে রাজ্যের ১০ লক্ষেরও বেশি তরুণ-তরুণীকে অত্যাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বিপুল কর্মসংস্থান রাজ্যকে কয়েক ধাপ এগিয়ে দেবে।

প্রশাসনের পাশাপাশি কৃষি ক্ষেত্রেও বিপ্লব ঘটাতে চলেছে এই প্রযুক্তি। রাজ্যের ১০ লক্ষ কৃষক পরিবার এখন AI-এর সাহায্য ফসলের পূর্বাভাস এবং মাটির গুণমান যাচাই করতে পারছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, AI-এর ব্যবহার শুধু প্রশাসনিক স্বচ্ছতা আনবে না, বরং এটি মানবতার স্বার্থে কাজ করবে। প্রযুক্তির এই নতুন দৌড়ে উত্তরপ্রদেশ এখন ভারতের সবথেকে বড় ‘এআই ইকোসিস্টেম’ হওয়ার পথে।