সবার ফোনে এল ‘Test Alert’, আপনার মোবাইলে কি এমন মেসেজ ঢুকেছে? জেনে নিন আসল কারণ

আজ, ২০ ফেব্রুয়ারি দুপুর প্রায় ১২টা নাগাদ হঠাৎ করেই দেশজুড়ে হাজার হাজার মানুষের স্মার্টফোনে বেজে ওঠে এক তীব্র সতর্কঘণ্টা। অ্যান্ড্রয়েড হোক বা আইফোন—সব ধরনের ব্যবহারকারীর স্ক্রিনেই ভেসে ওঠে একটি ‘Test Alert’ লেখা ফ্ল্যাশ মেসেজ। আচমকা এই শব্দ এবং বার্তায় সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ালেও, ভয়ের কোনো কারণ নেই। মূলত ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NDMA) এবং টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) যৌথভাবে একটি পরীক্ষামূলক সম্প্রচার চালিয়েছে।

এই প্রযুক্তির নাম ‘সেল ব্রডকাস্টিং সিস্টেম’। ভবিষ্যতে ভূমিকম্প, সুনামি বা আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষকে দ্রুত সতর্ক করার জন্য এই বিশেষ ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এদিনের এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল ভারতের জরুরি সতর্কবার্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা। প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন মোবাইল টাওয়ারের মাধ্যমে ধাপে ধাপে সারা দেশেই এই পরীক্ষা চালানো হচ্ছে।

মেসেজটিতে স্পষ্ট জানানো হয়েছে যে, এটি শুধুমাত্র একটি টেকনিক্যাল পরীক্ষা। এর জন্য সাধারণ মানুষের কোনো পদক্ষেপ নেওয়ার বা ঘাবড়ানোর প্রয়োজন নেই। বর্তমানে ইংরেজি এবং হিন্দিতে এই মেসেজ পাঠানো হলেও, এই সিস্টেমটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বাংলাসহ একাধিক ভারতীয় ভাষায় জরুরি তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে কেন্দ্র।