হাওড়া শাখায় ট্রেনের লম্বা তালিকা বাতিল! বেরোনোর আগে দেখে নিন আপনার ট্রেনটি আছে তো?

হাওড়া বিভাগের রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। পরিকাঠামো উন্নয়ন ও সেতু সংস্কারের কাজের জন্য হাওড়া-কাটোয়া এবং হাওড়া-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচলে বড়সড় রদবদলের ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মে মাসের শুরু পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন স্টেশনে ব্লক নেওয়া হবে। মূলত বাঁশবেড়িয়া-ত্রিবেণী এবং শেওড়াফুলি-দিয়াড়া সেকশনে রেল ওভারব্রিজ ও সেতু সংস্কারের কাজের জন্যই এই সিদ্ধান্ত। রেলের এক আধিকারিক জানিয়েছেন, পরিষেবার মানোন্নয়ন ও নিরাপত্তার স্বার্থেই এই সাময়িক ভোগান্তি।
রেল সূত্রে খবর, ২১, ২৩, ২৪ ও ২৭ ফেব্রুয়ারি কাটোয়া ও হাওড়া গামী ৩৭৯২২, ৩৭৭৪৬, ৩৭৭৪৯ এবং ৩৭৯১৭ লোকাল বাতিল থাকবে। এছাড়াও ১৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহে ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল দুপুর ১টার পরিবর্তে ১টা ৫০ মিনিটে ছাড়বে। অন্যদিকে, শেওড়াফুলি ও দিয়াড়ার মাঝে সেতুর কাজের জন্য ২১ ফেব্রুয়ারি রাত থেকে ২২ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত তারকেশ্বর ও গোঘাট লাইনের একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। ২১ তারিখ রাতে তারকেশ্বর ও গোঘাটগামী ডাউন ও আপের বেশ কিছু ট্রেন চলবে না। ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত তারকেশ্বর-হাওড়া, শেওড়াফুলি-তারকেশ্বর এবং গোঘাট ও হরিপাল লোকাল পরিষেবায় ব্যাপক কাটছাঁট করা হয়েছে।
তবে নিত্যযাত্রীদের ভোগান্তির মাঝেই খুশির খবর দিয়েছে রেল। আসন্ন দোল ও হোলি উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া-পটনা দোল স্পেশাল (০২০২৩/০২০২৪) ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রতি রবিবার এই ট্রেনটি চলবে। এছাড়াও ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন চলবে সাহারসা-জামালপুর মেমু স্পেশাল। রেল কর্তৃপক্ষের অনুরোধ, বাড়ি থেকে বেরোনোর আগে যাত্রীরা যেন পরিবর্তিত সময়সূচী ভালো করে দেখে নেন।