ম্যাক্রোঁর ভিডিওতে বলিউডের গান! রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ঝড়ে মাতলেন ফরাসি প্রেসিডেন্ট

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ফার্স্ট লেডি ব্রিজেত ম্যাক্রোঁর সদ্য সমাপ্ত ভারত সফর এবার এক অনন্য মাত্রা পেল। তবে কোনো কূটনৈতিক চুক্তি বা প্রতিরক্ষা আলোচনা নয়, বরং ম্যাক্রোঁর শেয়ার করা একটি ‘সিনেমেটিক’ বিদায়ী ভিডিও ঘিরেই এখন নেটদুনিয়ায় তোলপাড়। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ভারতের স্মৃতিমাখা একটি ট্রিবিউট ভিডিও পোস্ট করেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক থেকে শুরু করে মুম্বইয়ের রাস্তায় জগিং কিংবা ভারতীয় খাবারের স্বাদ নেওয়া—সবই ধরা পড়েছে এক রাজকীয় আবহে।

এই ভিডিওর সবথেকে বড় চমক হলো এর আবহ সংগীত। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর জনপ্রিয় টাইটেল ট্র্যাক। পরিচালক আদিত্য ধরের এই ছবির গান কূটনৈতিক সফরের ভিডিওতে ব্যবহৃত হওয়ায় রীতিমতো উচ্ছ্বসিত ভারতীয়রা। নেটিজেনরা মজা করে বলছেন, “এই মিটিং তো পুরো ধুরন্ধর-লেভেলের!” গত বছর মুক্তি পাওয়া এই স্পাই থ্রিলারটি ইতিমধ্যেই বক্স অফিসে হাজার কোটির বেশি ব্যবসা করেছে, আর সেই গানের ব্যবহার ভিডিওটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।

উল্লেখ্য, তিন দিনের এই সফরে প্রতিরক্ষা ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও ফ্রান্স। প্রধানমন্ত্রী মোদি এই সম্পর্ককে “স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ” হিসেবে বর্ণনা করেছেন। মুম্বইয়ে বলিউড তারকাদের সঙ্গে সাক্ষাৎ থেকে দিল্লিতে এআই সম্মেলন—সব মিলিয়ে ম্যাক্রোঁর এই সফর যেমন কূটনৈতিকভাবে সফল, তেমনই এই ভিডিওর মাধ্যমে তা সাধারণ মানুষের হৃদয়েও জায়গা করে নিয়েছে।