ডিভোর্সের পর সর্বহারা! সোশ্যাল মিডিয়ায় ঠিকানা খুঁজে প্রাক্তন স্ত্রীকে নৃশংসভাবে খুন করলেন স্বামী

হায়দরাবাদের বুকে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গার্হস্থ্য হিংসার মামলায় কানাডায় ফিরতে না পারার ক্ষোভে ২৯ বছর বয়সি এক অন্তঃসত্ত্বা প্রাক্তন স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁরই প্রাক্তন স্বামী তথা এক আইটি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবককে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর বিষয় হলো, নিহত তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাঁর বর্তমান স্বামী দাবি করেছেন।

পুলিশ সূত্রে খবর, ২০২২ সালে তাঁদের বিয়ে হয় এবং দম্পতি কানাডায় চলে যান। সেখানে দাম্পত্য কলহের জেরে ওই তরুণী ভারতে ফিরে এসে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেন। ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় এবং তরুণী দ্বিতীয়বার বিয়ে করেন। অন্যদিকে, অভিযুক্ত যুবক ২০২৫ সালে মায়ের মৃত্যুর পর ভারতে ফিরলে তাঁর বিরুদ্ধে থাকা লুক-আউট নোটিসের কারণে পাসপোর্ট স্থগিত হয়ে যায়। এর ফলে তিনি আর কানাডায় ফিরতে পারেননি। এই পরিস্থিতির জন্য এবং মায়ের মৃত্যুর জন্য তিনি তাঁর প্রাক্তন স্ত্রীকেই দায়ী করতেন।

প্রতিশোধ নিতে অভিযুক্ত যুবক দুই মাস আগে হায়দরাবাদে এসে রেকি শুরু করেন। বুধবার ব্যাগভর্তি ছুরি, ড্রিল মেশিন এবং পাঁচ লিটার পেট্রোল নিয়ে তিনি প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটে ঢুকে পড়েন। জোরপূর্বক ঘরে ঢুকে দরজা বন্ধ করে তরুণীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেন তিনি। এমনকি ফ্ল্যাটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেন। পুলিশ এসে অভিযুক্তকে শৌচালয় থেকে আটক করে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার।