দেগঙ্গায় বড় খবর! এক কোটি টাকা বরাদ্দে ভোলবদল হচ্ছে খালের, ভোটের আগে বড় চমক তৃণমূল বিধায়কের

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান হতে চলেছে। সংস্কারের অভাবে মজে যাওয়া বাইকার খাল পুনরুদ্ধারে অবশেষে বড়সড় পদক্ষেপ নিল রাজ্যের সেচ দফতর। প্রথম ও দ্বিতীয় পর্যায় মিলিয়ে প্রায় এক কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে খাল সংস্কারের কাজ। এর ফলে কলসুর ও চাকলা পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বর্ষার জলমগ্ন হওয়ার আতঙ্ক থেকে মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
গত বছর সামান্য বৃষ্টিতেই বাইকার খালের জল উপচে গ্রাম প্লাবিত হয়েছিল। কয়েক হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছিল ত্রাণ শিবিরে। এমনকি ক্ষোভের মুখে পড়তে হয়েছিল স্থানীয় তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডলকেও। সেই সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বর্ষার আগেই খাল সংস্কার করা হবে। সেই কথা রাখতেই বৃহস্পতিবার থেকে ক্রেন দিয়ে পলি তোলার কাজ শুরু হয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই খালটি সংস্কার হলে শুধুমাত্র নিকাশি ব্যবস্থার উন্নতি হবে না, বরং এলাকার কৃষিকাজেও আসবে আমূল পরিবর্তন।
দেগঙ্গার বিডিও ফাহিম আলি জানান, “বাইকার খাল সংস্কারের কাজ শেষ হলে দুই পঞ্চায়েত এলাকার জলমগ্ন হওয়ার সমস্যা মিটবে।” স্থানীয় বাসিন্দা ভোলা মণ্ডল ও জবা মণ্ডলরা এই উদ্যোগে অত্যন্ত খুশি। তাঁদের কথায়, “খাল মজে যাওয়ায় চাষের জমিতে জল ঢুকে ফসল নষ্ট হতো, বাড়িঘর ডুবে যেত। এখন সেই ভয় কাটল।” বিধায়ক রহিমা মণ্ডল মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের স্বার্থে দেওয়া প্রতিশ্রুতি আমরা পূরণ করছি, দ্রুত কাজ শেষ করার লক্ষ্য রয়েছে আমাদের।”