ছাত্র লিখলেই বিপদ! বেকারদের জন্য মমতার নয়া প্রকল্পে আবেদন করার আগে সাবধান, না মানলে পস্তাবেন

রাজ্যজুড়ে এখন আলোচনার তুঙ্গে ‘যুবসাথী’ প্রকল্প (Banglar Yuva Sathi Scheme)। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেকার যুবক-যুবতীদের আর্থিক স্বাবলম্বী করতে এই বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন শিবিরে উপভোক্তাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কিন্তু হুজুগে পড়ে ফর্ম ফিলাপ করতে গিয়ে সামান্য ভুল হলেই আপনার আবেদনপত্রটি সরাসরি বাতিল হতে পারে।

আবেদনের আগে যে ৫টি বিষয় মাথায় রাখবেন:

পেশার ঘরে ‘Student’ নয়: যেহেতু এটি বেকার ভাতা প্রকল্প, তাই পেশার জায়গায় ভুলেও ‘ছাত্র’ বা ‘Student’ লিখবেন না। সেখানে পরিষ্কারভাবে লিখতে হবে ‘Unemployed’ বা ‘বেকার’। ছাত্র লিখলে সরকার ধরে নেবে আপনি এখনও পড়াশোনা করছেন, তাই আবেদন বাতিল হবে।

নাম ও পদবি বিভ্রাট: মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম ও পদবি আছে, ঠিক সেটিই লিখতে হবে। বিবাহিত মহিলারা অনেক সময় স্বামীর পদবি ব্যবহার করেন, কিন্তু নথিতে যদি বাবার বাড়ির পদবি থাকে, তবে সেটিই গ্রাহ্য হবে।

বয়সের হিসেব: ১লা এপ্রিল ২০২৬ তারিখের নিরিখে আপনার বয়স কত হচ্ছে, সেটিই ফর্মে লিখতে হবে। আবেদন করার দিনের বর্তমান বয়স লিখলে ভুল হিসেবে গণ্য হতে পারে।

ছবির ওপর স্বাক্ষর: আবেদনপত্রে ছবি লাগানোর পর তার ওপর আড়াআড়িভাবে সই করতে হবে (Cross Signature)। অর্থাৎ সইয়ের অর্ধেকটা থাকবে ছবির ওপর এবং বাকিটা ফর্মের সাদা অংশে।

ব্যাঙ্ক ও আধার লিঙ্ক: আপনার মোবাইল নম্বরটি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে আধার এবং ডিবিটি (DBT) লিঙ্ক থাকা বাধ্যতামূলক, নচেৎ টাকা ঢুকবে না।

অন্যান্য জরুরি তথ্য:
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার হাতে থাকা সর্বশেষ পাসের সার্টিফিকেট অনুযায়ী তথ্য দিন। বর্তমানে কী পড়ছেন তা উল্লেখ করার প্রয়োজন নেই। সমস্ত নথিতে নিজে সই (Self-attested) করতে ভুলবেন না। ফর্ম জমা দেওয়ার পর রিসিভ কপিতে যেন ‘দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর’ অবশ্যই থাকে, তা নিশ্চিত করুন। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই ক্যাম্প চলবে।