পিসির বাড়িতেও মিলল না নিরাপত্তা! ১৬ দিনের দুধের শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে

নিরাপদ ভেবে পিসির বাড়িতে রেখে আসা হয়েছিল একরত্তিকে, কিন্তু সেখানেও শেষরক্ষা হলো না। মাত্র ১৬ দিনের শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল খোদ জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকলের শিবনগর বিশ্বাসপাড়ার এই ঘটনায় শিউরে উঠছে গোটা এলাকা। মৃত শিশুর নাম সালমান মণ্ডল। অভিযোগের তির মা অরুণা খাতুনের (২৫) দিকে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার অরুণার পিসিমা যখন ডাক্তার দেখাতে গিয়েছিলেন, তখন অন্য এক মহিলার কাছে থাকা শিশুকে দুধ খাওয়ানোর নাম করে নিজের ঘরে নিয়ে যান অরুণা। দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে দরজা খুলতেই দেখা যায়, নিথর অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করা হলেও প্রাণ ফেরানো যায়নি। শিশুর বাবা লালন মণ্ডলের অভিযোগ, জন্মের পর থেকেই সন্তান অপুষ্ট ও দুর্বল হওয়ায় তাকে একেবারেই পছন্দ করতেন না অরুণা। সেই বিতৃষ্ণা থেকেই কি এই নৃশংস হত্যাকাণ্ড? প্রশ্ন উঠছে।

মৃত শিশুর বাবা লালন জানান, সাড়ে চার বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল এবং সালমানই ছিল তাঁদের প্রথম সন্তান। তিনি বলেন, “আমি কাজে গিয়েছিলাম, এসে দেখি সব শেষ।” স্থানীয়দের দাবি, অরুণা প্রায়ই বাচ্চার শারীরিক গঠন নিয়ে বিরক্তি প্রকাশ করতেন। তবে কেউ কেউ দাবি করছেন, ওই মহিলার মানসিক সমস্যাও থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং অভিযুক্ত মা অরুণা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রথম সন্তানের এমন মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।