এবার কি ভোটের ময়দানে দিলীপ-জায়া? বিধানসভায় প্রার্থী হতে বায়োডেটা জমা দিলেন রিঙ্কু মজুমদার!

বাংলার বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির অন্দরে টিকিটের লড়াই তুঙ্গে। তবে এবার সবথেকে বড় চমক তৈরি করলেন খোদ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। গত বছর এপ্রিলে দিলীপ ঘোষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই তিনি চর্চায় ছিলেন, তবে এবার সরাসরি ভোটের ময়দানে নামতে ইচ্ছুক তিনি। ২০১৩ সাল থেকে বিজেপির সক্রিয় কর্মী এবং বর্তমানে মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু ইতিমধ্যেই প্রার্থী হওয়ার জন্য নিজের বায়োডেটা জমা দিয়েছেন।
নিজের প্রার্থী হওয়া নিয়ে ঠিক কতটা আত্মবিশ্বাসী রিঙ্কু? উত্তরে সোজাসাপ্টা দিলীপ-জায়া বলেন, “প্রার্থীপদ পাওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি। আমাদের নিয়ে মানুষ একটু বেশিই চর্চা করে।” তবে মহিলাদের জন্য সংরক্ষিত কোনও আসনে পদ্ম প্রতীকে লড়ার সুযোগ পাবেন বলে আশা রাখছেন তিনি। অন্যদিকে, স্ত্রীর টিকিট পাওয়া নিয়ে দিলীপ ঘোষের সুর বেশ সাবধানী। তিনি জানান, ড্রপবক্সে প্রায় সাড়ে তিন হাজার নাম জমা পড়েছে, তার মধ্যেই রয়েছে রিঙ্কুর নাম। দল যোগ্য মনে করলে তবেই টিকিট মিলবে, এখানে তাঁর আলাদা করে ‘ফিডব্যাক’ দেওয়ার কোনও জায়গা নেই।
২০২৪-এর লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে হারের পর দিলীপ ঘোষ কি নিজে এবার ভোটে দাঁড়াবেন? এই প্রশ্নে জল্পনা জিইয়ে রেখেছেন খোদ প্রাক্তন রাজ্য সভাপতি। ২০১৬-তে বিধায়ক এবং ২০১৯-এ সাংসদ হওয়া দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বর্তমানে দলের অন্দরে চলছে নানা সমীকরণ। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপকে ফের সক্রিয় হতে দেখা গেলেও, টিকিট পাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত যে দিল্লি অর্থাৎ পার্লামেন্টারি বোর্ডের হাতে, তা মনে করিয়ে দিতে ভোলেননি তিনি। এখন দেখার, বিধানসভায় ‘দিলীপ-রিঙ্কু’ জুটিকে একসঙ্গে দেখা যায় কি না।