কেন্দ্রীয় সরকারি সংস্থায় মোটা বেতনের চাকরি! বামার লরি অ্যান্ড কোম্পানিতে নিয়োগের বড় সুযোগ

বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড (Balmer Lawrie & Co. Ltd.)। সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে আধিকারিক সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ তথা কলকাতার প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, কারণ নিয়োগের কর্মস্থল হিসেবে পছন্দের তিলত্তমাও তালিকায় রয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই নিজেদের আবেদন জমা করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইউনিট হেড, জুনিয়র অফিসার এবং অফিসার পদে মোট ২৮ জন দক্ষ কর্মী নিয়োগ করা হবে। ট্র্যাভেল অ্যান্ড ভ্যাকেশন থেকে শুরু করে লজিস্টিক্স সার্ভিসেস—সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের সুযোগ রয়েছে। কলকাতা ছাড়াও মুম্বই, ইন্দোর, আহমেদাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে পোস্টিং পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদমর্যাদা অনুযায়ী বেতন কাঠামো অত্যন্ত আকর্ষণীয়, যা মাসিক ৪০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
আবেদনকারীদের বয়স পদের ভিত্তিতে ২৭ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ট্রাভেল অফিসার পদের জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক, তবে অন্যান্য পদের জন্য বিশেষায়িত ডিগ্রি প্রয়োজন। আগামী ১৩ মার্চ আবেদনের শেষ তারিখ। যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। বিস্তারিত জানতে এবং আবেদন করতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।