‘ককটেল ২’-এ সমকামী চরিত্রে কৃতি-রশ্মিকা? শাহিদকে ঘিরে কি শুরু হবে ত্রিকোণ প্রেম? ফাঁস ছবির গল্প!

বলিউডের অন্দরে এখন একটাই নাম চর্চায়— ‘ককটেল ২’। ২০১২ সালের সুপারহিট ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। যেখানে এক সময় দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান ও ডায়ানা পেন্টির রসায়ন পর্দা কাঁপিয়েছিল, সেখানে এবার জায়গা করে নিয়েছেন শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রশ্মিকা মন্দানা। কিন্তু ছবি মুক্তির আগেই এর সম্ভাব্য কাহিনী ফাঁস হতেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক ও আলোচনা।
শোনা যাচ্ছে, পরিচালক হোমি আদাজানিয়া এবার এক সাহসী প্রেক্ষাপট বেছে নিয়েছেন। গুঞ্জন উঠেছে, ছবিতে কৃতি শ্যানন এবং রশ্মিকা মন্দানাকে এক সমকামী দম্পতির ভূমিকায় দেখা যেতে পারে! আর তাদের এই সাজানো সম্পর্কের মাঝে ‘তৃতীয় কোণ’ বা থার্ড পারসন হয়ে প্রবেশ করবেন শাহিদ কাপুর। আধুনিক সমাজের জটিল প্রেম, সমকামিতা এবং আকর্ষণের এক টানাপোড়েন ঘিরেই আবর্তিত হবে এই প্রেমের ত্রিভুজ। যদিও নির্মাতাদের তরফে এই বিষয়ে এখনও সিলমোহর পড়েনি, তবে এই গুঞ্জনই এখন টিনসেল টাউনের হট কেক।
গত ৩১ জানুয়ারি ছবির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় শাহিদ, কৃতি ও রশ্মিকার সঙ্গে কেক কাটার ছবি শেয়ার করে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন হোমি। তিনি এই ছবিটিকে নিজের হৃদয়ের খুব কাছের বলে উল্লেখ করেছেন। সূত্রের খবর, শাহিদের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘ও রোমিও’-র সাফল্যের রেশ কাটলে, আগামী সেপ্টেম্বর মাস নাগাদ বড় পর্দায় আসতে পারে ‘ককটেল ২’। শাহিদকে এক সম্পূর্ণ নতুন অবতারে দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন অনুরাগীরা।