ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ ভারত! মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মোদী-ট্রাম্পের নয়া সমীকরণ?

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ‘বোর্ড অফ পিস’ (Board of Peace)-এ শামিল হলো ভারত। বৃহস্পতিবার ওয়াশিংটনে আয়োজিত এই বোর্ডের প্রথম হাই-প্রোফাইল বৈঠকে ‘পর্যবেক্ষক’ রাষ্ট্র হিসেবে অংশ নিল নয়াদিল্লি। দীর্ঘ দোটানা কাটিয়ে ভারতের এই উপস্থিতি আন্তর্জাতিক মহলে বড়সড় কূটনৈতিক বার্তা দিল বলেই মনে করা হচ্ছে। ভারতের হয়ে এই ঐতিহাসিক বৈঠকে প্রতিনিধিত্ব করেন প্রথিতযশা আইএফএস অফিসার তথা ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ নমগ্যা চোডেন খাম্পা।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে এই বোর্ডের ঘোষণা করেছিলেন ট্রাম্প। গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠন তদারকি করাই এর মূল লক্ষ্য। যদিও শুরুতে ভারত এই উদ্যোগে যোগ দেওয়া নিয়ে কিছুটা রক্ষণশীল অবস্থানে ছিল, তবে বৃহস্পতিবারের বৈঠক স্পষ্ট করে দিল যে, সরাসরি সদস্য না হলেও এই শান্তি প্রক্রিয়ার অংশীদার হতে আগ্রহী মোদী সরকার। ওয়াশিংটনের ‘ইউএস ইনস্টিটিউট অফ পিস’-এ আয়োজিত এই বৈঠকে ইজরায়েল, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও মিশরের মতো ২৭টি পূর্ণাঙ্গ সদস্য দেশসহ মোট ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ট্রাম্পের দাবি, আগামী দিনে এই বোর্ড রাষ্ট্রপুঞ্জের বিকল্প শক্তি হিসেবেও আত্মপ্রকাশ করতে পারে।

ভারতের হয়ে নজর কেড়েছেন ২০০০ ব্যাচের দুঁদে আইএফএস অফিসার নমগ্যা সি খাম্পা। বর্তমানে তিনি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন। এর আগে কেনিয়া, সোমালিয়া, নেপাল ও চিনে ভারতের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। এমনকি প্রধানমন্ত্রীর দফতরেও (PMO) কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষজ্ঞদের মতে, গাজায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং প্রশাসনিক পুনর্গঠনে ভারতের এই অংশগ্রহণ মধ্যপ্রাচ্যে নয়াদিল্লির ক্রমবর্ধমান কূটনৈতিক প্রতিপত্তিকেই প্রমাণ করে।