ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই নবান্নের বড় পদক্ষেপ! উত্তর ও দক্ষিণবঙ্গের ৪ জেলায় পুলিশ সুপারের চেয়ারে বদল

২০২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখছে। ঠিক এই আবহেই, আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর হওয়ার কয়েক দিন আগে রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতরের জারি করা এক নির্দেশিকায় চারজন আইপিএস আধিকারিকের বদলির কথা জানানো হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর বসিরহাট, জঙ্গিপুর এবং আলিপুরদুয়ার জেলায় বসানো হয়েছে নতুন পুলিশ সুপার। বসিরহাটের বর্তমান এসপি ড. হোসেন মেহেদী রহমানকে জঙ্গিপুর পুলিশ জেলায় পাঠানো হয়েছে। অন্যদিকে, জঙ্গিপুরের এসপি সাউ কুমার অমিতকে বদলি করা হয়েছে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের বর্তমান এসপি উমেশ গণপতকে আইবি-র উত্তরবঙ্গ শাখায় পাঠানো হয়েছে। আরিশ বিলাল সামলাবেন বসিরহাটের পুলিশ সুপারের দায়িত্ব। প্রশাসনিক মহলের মতে, ভোট ঘোষণার পর পুলিশের রাশ কমিশনের হাতে চলে যাওয়ার আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের পছন্দের আধিকারিকদের বসিয়ে ঘুঁটি সাজিয়ে নিল রাজ্য সরকার।