বিষ্ণু প্রসাদ শর্মার দলবদল নিয়ে তুচ্ছতাচ্ছিল্য শুভেন্দুর, উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৪৫টিই কি বিজেপির?

আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই ময়দানে নেমে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে নিজের গড় নন্দীগ্রাম আগলানো, আর অন্যদিকে উত্তরবঙ্গ নিয়ে তৃণমূলকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া— দুই রণকৌশলে শান দিচ্ছেন তিনি। বৃহস্পতিবার নন্দীগ্রামে ‘পাড়া বৈঠক’ কর্মসূচি থেকে শুভেন্দু দাবি করেন, উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে ৪৫টিরও বেশি আসনে জিতবে বিজেপি। এমনকি মালদহ থেকে আলিপুরদুয়ার— তৃণমূল কংগ্রেস সেখানে শূন্য পাবে বলেও ভবিষ্যৎবাণী করেন তিনি।
বিজেপির বিদ্রোহী বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন শুভেন্দু। তিনি বলেন, “২০২৪-এর লোকসভায় নির্দল দাঁড়িয়ে যে লোক মাত্র কয়েক হাজার ভোট পেয়েছে, তাকে দল এমনিও টিকিট দিত না। গুরুত্বহীন নেতাদের নিয়ে আমাদের মাথাব্যথা নেই।” কর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “চাঁদে হাত দিতে যাওয়া ভালো, কিন্তু পা যেন মাটিতে থাকে।” অর্থাৎ বড় জয়ের লক্ষ্য থাকলেও নিচুতলার মানুষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন না করার কড়া বার্তা দেন তিনি। নন্দীগ্রামে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনার মাঝেই শুভেন্দুর এই সক্রিয়তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।