কলকাতায় প্রতি ২ শিশুর মধ্যে ১ জন ভুগছে শ্বাসকষ্টে! পরিস্থিতি সামাল দিতে এবার বড় অভিযানে নামছে ইউনিসেফ ও পুরসভা

তিলোত্তমার বাতাসে বিষের মাত্রা এতটাই বাড়ছে যে শিশুদের স্বাভাবিকভাবে নিশ্বাস নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। কলকাতা পুরসভার সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এক আতঙ্কিত করা তথ্য—শহরের প্রতি দুই শিশুর মধ্যে একজন শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে এবং জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব রুখতে এবার ইউনিসেফের (UNICEF) সঙ্গে হাত মেলালো কলকাতা পুরসভা।
কী এই K-CAP পরিকল্পনা? যৌথ উদ্যোগে তৈরি করা হচ্ছে ‘কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান’ (K-CAP)। ধর্মতলার এক বেসরকারি হোটেলে আয়োজিত বৈঠকে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রণিতা সেনগুপ্ত জানান, গত কয়েক দশকে শহরের গড় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে কেবল শ্বাসকষ্ট নয়, চরিত্র বদলাচ্ছে মশাবাহিত রোগও। এখন আর শুধু বর্ষায় নয়, জানুয়ারি থেকে ডিসেম্বর—সারা বছরই ডেঙ্গু ও ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
শিশুদের সুরক্ষা ও মানসিক স্বাস্থ্যে নজর ইউনিসেফ-এর পশ্চিমবঙ্গ প্রধান মনজুর হোসেন জানিয়েছেন, এই বিশেষ পরিকল্পনায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর। ক্রমবর্ধমান গরম সামলাতে ‘হিট ম্যানেজমেন্ট’ এবং বায়ুর গুণগত মান বাড়াতে বিশেষজ্ঞ পরামর্শ মেনে কাজ করবে পুরসভা। আগামী দিনে শহরকে আরও শিশুবান্ধব ও পরিবেশগতভাবে সুরক্ষিত করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।