ডিজে বাজলেই সোজা জেল! নীতীশ সরকারের ফরমান, বিয়েবাড়িতেও কি এবার নিস্তব্ধতা?

বিহারের উৎসবের আমেজ এবার থেকে হবে নিঃশব্দে। কারণ, নীতীশ কুমার সরকার রাজ্যে ডিজে (DJ) বাজানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার বিহার বিধানসভায় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চস্বরে গান বাজানো এবং অবৈধ ডিজে ট্রলির দাপট রুখতে আইন অমান্যকারীদের সরাসরি জেলের ঘানি টানতে হতে পারে।
১৫ দিনের ডেডলাইন: বিহারের পরিবহনমন্ত্রী শ্রবণ কুমার বিধানসভায় স্পষ্ট জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যে সমস্ত অবৈধভাবে তৈরি ডিজে ট্রলি বন্ধ করে দিতে হবে। যারা এই নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মূলত শব্দ দূষণ রোধ এবং সাধারণ মানুষের হৃদরোগের ঝুঁকি কমাতেই এই কড়া পদক্ষেপ। স্বতন্ত্র এমএলসি বংশীধর ব্রিজবাসি বিধান পরিষদে ডিজের কারণে স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি উত্থাপন করলে সরকার এই সিদ্ধান্ত নেয়।
বিজেপি-আরজেডি তর্জা: সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে সরগরম রাজনীতির ময়দান। আরজেডি এমএলসি সুনীল সিং কটাক্ষ করে বলেন, “বিয়েবাড়িতে ডিজে না বাজলে মনে হবে যেন শ্মশানে যাচ্ছি।” তিনি আরও অভিযোগ করেন যে, দুর্গা পুজো বা রাম নবমীর সময় বিজেপি এবং আরএসএস কর্মীরাই ২০-৩০টি ডিজে নিয়ে বেরোয়, আগে সেগুলো নিষিদ্ধ করা উচিত। যৌতুক ও মদের মতো এই আইনও কেবল কাগজে-কলমে থেকে যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আইনশৃঙ্খলার ওপর কোপ: সরকারি সূত্রে জানানো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই নম্বর প্লেটবিহীন যানবাহনে অবৈধভাবে ডিজে বাজানো হয়, যা আইনশৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এর আগে নীতীশ সরকার প্রকাশ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করার জন্য নগর উন্নয়ন বিভাগকে নির্দেশিকা জারি করতে বলেছিল। এবার ডিজের ওপর কোপ বসিয়ে সরকার বুঝিয়ে দিল, ‘সুশাসন’ বজায় রাখতে তারা আপসহীন।