প্রাথমিক স্বস্তি! এসএসসি-র ২০১৬ প্যানেলের এই শিক্ষকদের চাকরি কাড়তে পারবে না কমিশন, সাফ জানাল হাইকোর্ট!

নিয়োগ দুর্নীতি মামলার টানাপোড়েনের মাঝেই স্বস্তির খবর শোনাল কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ প্রক্রিয়ায় বিশেষভাবে সক্ষম কোটায় নিযুক্ত ‘যোগ্য’ বা ‘আনটেন্টেড’ শিক্ষক-শিক্ষিকাদের চাকরি আপাতত যাচ্ছে না। বৃহস্পতিবার একটি মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া এই শিক্ষকদের চাকরিচ্যুত করা চলবে না।
এদিন আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকারকে। মামলার মূল নির্যাস হলো—২০১৬ সালের নিয়োগের ভিত্তিতে বিশেষভাবে সক্ষম কোটায় ৯৬ জনকে নিয়োগ করেছিল কমিশন। অথচ দীর্ঘ ৯ বছর পর ২০২৫ সালে এসে সেই সংরক্ষিত শূন্যপদের সংখ্যা হঠাৎ কমিয়ে ৫৮ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে, ‘আনটেন্টেড’ বা যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখতে হবে। এমতাবস্থায় শূন্যপদ কমানোর সিদ্ধান্তের ফলে বাকি ৩৮ জন শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
আদালত এই ‘পদ হ্রাস’ নিয়ে চরম বিস্ময় প্রকাশ করেছে। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, কেন এবং কীভাবে এই শূন্যপদ কমানো হলো, তা কমিশন ও রাজ্যকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ালেও, কমিশনের নতুন পদ বিন্যাসের ফলে শিক্ষকরা চরম অনিশ্চয়তায় ভুগছিলেন।
রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছে যে, স্কুলের চাহিদার ওপর ভিত্তি করেই নিয়ম মেনে এই কোটা নির্ধারিত হয়। তবে আদালত এই যুক্তি খতিয়ে দেখতে চায়। আগামী শুনানির আগে পর্যন্ত কর্মরত ওই ৯৬ জন শিক্ষকই তাঁদের পদে বহাল থাকবেন। এই নির্দেশ পাহাড়-প্রমাণ দুর্নীতির অভিযোগের মাঝে যোগ্য প্রার্থীদের জন্য এক টুকরো আশার আলো নিয়ে এল।