তিস্তার চরে গরু আনতে যাওয়াই কাল! প্রতিবেশীর লালসার শিকার গৃহবধূ, উত্তাল জলপাইগুড়ি

উত্তরবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। কোচবিহারের পর এবার জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর চরে গরু আনতে গিয়েছিলেন ওই বধূ। অভিযোগ, নির্জন চরের সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে পাশবিক নির্যাতন চালায়।
ঘটনার পর নির্যাতিতা বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সব জানালে বিষয়টি জানাজানি হয়। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। রাতেই নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত পলাতক থাকলেও তার মা-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে।