বিটি রোডে রক্তস্নান! বাসের রেষারেষিতে পিষ্ট ২ সাইকেল আরোহী, পানিহাটিতে রণক্ষেত্র ধানকল মোড়

বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার পানিহাটির ধানকল মোড়ে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৭৮ নম্বর রুটের একটি বেসরকারি বাসের সঙ্গে অন্য একটি বাসের রেষারেষি চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে বিটি রোডের ধারে একটি ট্রাফিক বুথে ঢুকে পড়ে এবং সেখানে দাঁড়িয়ে থাকা সাইকেল, বাইক ও অটোতে ধাক্কা মারে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই সাইকেল আরোহীর।

তদন্তে পুলিশ: দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হতে চাইছে রেষারেষির বিষয়টি। এই দুর্ঘটনার জেরে বিটি রোডে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।