সেলিম দল ধ্বংস করছেন!’ বিস্ফোরক প্রতীক উর রহমান; ঘাসফুলে যোগ দেওয়ার জল্পনায় দিলেন বড় ইঙ্গিত

সিপিএমের অন্দরে বিদ্রোহ এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দলের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের পর এবার প্রকাশ্যেই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে তোপ দাগলেন যুব নেতা প্রতীক উর রহমান। News 18 Bangla-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রতীক সাফ জানিয়েছেন, তাঁকে ইচ্ছা করে ‘প্রাক্তন’ করে দেওয়ার চক্রান্ত চলছে। দলবদলের জল্পনা উসকে দিয়ে তিনি বলেন, “এখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। বাঁকটা পেরোলেই ভবিষ্যৎ বলব।”

সেলিমকে তীব্র আক্রমণ প্রতীকের সরাসরি অভিযোগ, মহম্মদ সেলিম নিজের স্বার্থে দল ধ্বংস করছেন। তাঁর কথায়, “পার্টির ভেতরে একনায়কতন্ত্র আর স্বজনপোষণ চলছে। যাঁরা ‘ইয়েস ম্যান’ হয়ে থাকতে পারেন, তাঁরাই পদ পাচ্ছেন।” শুধু তাই নয়, সৃজন ভট্টাচার্য বা দীপ্সিতা ধরের মতো প্রতিভাবান নেতৃত্বকেও কোণঠাসা করে রাখা হচ্ছে বলে বিস্ফোরক দাবি করেছেন তিনি।

ডায়মন্ড হারবার ও ষড়যন্ত্রের তত্ত্ব ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই নিয়েও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রতীক। তাঁর দাবি, “আমি প্রস্তুত ছিলাম না, তাও আমাকে সেখানে দাঁড় করানো হয় যাতে আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া যায়। আমি প্রশ্ন তুলেছি বলেই আমাকে কালপ্রিট সাজানোর চেষ্টা হচ্ছে।” মহম্মদ সেলিম কেন তাঁর সঙ্গে আলোচনায় বসছেন না, তা নিয়ে প্রশ্ন তুলে প্রতীক বুঝিয়ে দিয়েছেন, আলিমুদ্দিনের সঙ্গে তাঁর বিচ্ছেদ এখন কেবল সময়ের অপেক্ষা। সব দলের পক্ষ থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন এই যুব নেতা।