ইডেনে গেইল-স্মরণ! ইতালির রূপকথার দৌড় থামিয়ে অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ

ফুটবলের দেশ ইতালি ক্রিকেটের মঞ্চে লড়াইটা মন্দ দেয়নি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞতার সামনে বৃহস্পতিবার মাথা নোয়াতে হলো তাদের। ইডেন গার্ডেন্সে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ইতালির অধিনায়ক হ্যারি মানেন্তি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে ১৮ ওভারে ১২৩ রানেই গুটিয়ে যায় ইতালির ইনিংস।

শাই হোপের বিধ্বংসী ইনিংস ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ এদিন ৪৬ বলে ৭৫ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। এছাড়া শেষ দিকে শেরফেন রাদারফোর্ড (২৪*) ও ম্যাথিউ ফোর্ড (১৬*) ঝোড়ো ব্যাটিং করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। ইতালির হয়ে ক্রিশান কালুগামাগে ও বেন মানেন্তি ২টি করে উইকেট নেন।

শামার জোসেফের বিশ্বরেকর্ড বোলিংয়ে এদিন ইতিহাস গড়লেন শামার জোসেফ। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ বিশ্বকাপের একটি ম্যাচে ৪টি উইকেট (৪/৩০) নেওয়ার পাশাপাশি ৪টি ক্যাচও তালুবন্দি করেন। ম্যাথিউ ফোর্ড নেন ৩টি উইকেট। ইতালির হয়ে বেন মানেন্তি (২৬) ও জেজে স্মাটস (২৪) লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে পৌঁছালেও, নেপালকে হারিয়ে অভিষেক বিশ্বকাপে ইতিবাচক স্মৃতি নিয়ে বিদায় নিল ইতালি।