সাংসদ বনাম আইনজীবী: রটওয়াইলার ‘হেনরি’ কার? তুঙ্গে মহুয়া মৈত্র ও জয় অনন্ত দেহাদোরাইয়ের লড়াই

রাজনৈতিক ময়দান ছাপিয়ে এবার প্রিয় পোষ্যকে ফিরে পাওয়ার লড়াইয়ে দিল্লির উচ্চ আদালতের দরজায় কড়া নাড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দীর্ঘদিনের সঙ্গী, রটওয়াইলার প্রজাতির পোষ্য ‘হেনরি’র মালিকানা নিয়ে প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদোরাইয়ের সঙ্গে মহুয়ার আইনি যুদ্ধ এক নতুন মোড় নিল। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন কৃষ্ণনগরের সাংসদ।

কী নিয়ে এই লড়াই? ঘটনার সূত্রপাত হেনরিকে নিজের কাছে রাখা নিয়ে। মহুয়ার দাবি, মাসে অন্তত দশ দিন হেনরিকে তাঁর কাছে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। এর আগে দিল্লির সাকেত আদালত মহুয়ার এই আবেদন খারিজ করে দিয়েছিল। নিম্ন আদালতের সেই রায়কে ‘একতরফা’ বলে দাবি করে মহুয়া জানিয়েছেন, হেনরিকে জয় উপহার দিলেও তার যাবতীয় দেখভাল ও লালন-পালন মহুয়াই করেছেন। শুধুমাত্র টাকা দিয়ে কেনা হয়েছে বলেই হেনরির ওপর জয়ের পূর্ণ অধিকার থাকতে পারে না।

আদালতে সওয়াল-জবাব মহুয়ার পক্ষে চারজন আইনজীবী—ধ্রুব মালিক, কীর্তি রাজ, রুদ্রাক্ষ মাথুর এবং শিবেন ভার্মা পিটিশন দাখিল করেছেন। অন্যদিকে, জয় অনন্ত দেহাদোরাই নিজেই বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে মহুয়ার দাবির বিরুদ্ধে সওয়াল করেন। বিচারপতি মনোজ কুমার ওহরি সব পক্ষের বক্তব্য শোনার পর বিস্তারিত শুনানির জন্য নোটিশ ইস্যু করেছেন।

সাংসদের এই আবেগঘন লড়াই এখন নেটদুনিয়ায় চর্চার বিষয়। রাজনীতির বাইরেও একজন পশুপ্রেমী হিসেবে মহুয়ার এই ‘মাতৃত্বের’ দাবি শেষ পর্যন্ত আদালত গ্রাহ্য করে কি না, সেটাই এখন দেখার।