তালিত রেলব্রিজের কাজ শুরু হতেই তপ্ত রাজনীতি! কৃতিত্ব কার? লড়াইতে তৃণমূল-বিজেপি

বর্ধমান-বীরভূম সংযোগকারী ১১৪ নং জাতীয় সড়কের ওপর তালিত রেলগেটে দীর্ঘ প্রতীক্ষিত ওভারব্রিজ নির্মাণের কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিনের যানজট ও হয়রানি থেকে মুক্তির আশায় যখন স্থানীয় মানুষ খুশি, ঠিক তখনই এই প্রকল্পের ‘ক্রেডিট’ নেওয়া নিয়ে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি। দু’পক্ষই দাবি করছে, তাদের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই অসম্ভব সম্ভব হয়েছে।
বর্তমান সাংসদ কীর্তি আজাদের দাবি, তাঁর আমলেই প্রকল্পের প্রযুক্তিগত জটিলতা মিটেছে। তিনি সরাসরি রেল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নকশা সংক্রান্ত সমস্যার সমাধান করেছেন। তাঁর পাল্টা তোপ, রাজ্য সরকার সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু আগে রেল কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ছিল। অন্যদিকে, বিজেপির মুখপাত্র ডাঃ শান্তরূপ দে-র দাবি, ২০১৯ সালেই তৎকালীন বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়া এই প্রকল্পের ফান্ড ও নকশা অনুমোদন করিয়েছিলেন। তাঁর অভিযোগ, এতদিন রাজ্য সরকারের জমি সংক্রান্ত সমস্যার কারণেই কাজ আটকে ছিল।
২০২৭ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও, স্থানীয় বাসিন্দারা সাফ জানিয়েছেন যে তাঁরা রাজনীতিতে আগ্রহী নন। বছরের পর বছর রেলগেটের যন্ত্রণায় ভোগার পর তাঁদের একমাত্র দাবি— দ্রুত কাজ শেষ হোক এবং সেতুটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হোক।