“আমার কাছে উনি বাবার মতো!” সেলিম খানের অসুস্থতায় ভেঙে পড়লেন সলমনের প্রাক্তন প্রেমিকা সোমি আলি

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের অসুস্থতার খবরে বিমর্ষ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। গত ১৭ ফেব্রুয়ারি ব্রেন হেমারেজের কারণে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও, এই খবরটি প্রকাশ্যে আসতেই সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি একটি অত্যন্ত স্পর্শকাতর পোস্ট করেছেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী সেলিম খানকে স্রেফ একজন আইকন হিসেবেই নয়, বরং নিজের জীবনের ‘পিতৃতুল্য’ মানুষ হিসেবে বর্ণনা করেছেন।

সোমি তাঁর পোস্টে লেখেন, “সেলিম আঙ্কেল হাসপাতালে শুনে বুকটা কেঁপে উঠল। বিশ্বের কাছে তিনি ‘শোলে’-র স্রষ্টা হতে পারেন, কিন্তু আমার কাছে তিনি ছিলেন এক বটবৃক্ষ। তাঁর বাড়িতে আমাকে মেয়ের মতো ভালোবাসা দেওয়া হয়েছে, ডাইনিং টেবিলে একসাথে বসে ধর্ম ও জীবন নিয়ে গভীর আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে।” সোমি আরও জানান যে, সব ধর্মকে সম্মান করা এবং সততার সঙ্গে জীবন কাটানোর শিক্ষা তিনি সেলিমের থেকেই পেয়েছিলেন। সলমনের সঙ্গে বিচ্ছেদের বহু বছর পর এবং বর্তমানে আমেরিকায় সমাজসেবামূলক কাজে ব্যস্ত থাকলেও, খান পরিবারের প্রতি সোমির এই শ্রদ্ধা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, সেলিম খানের রক্তচাপ জনিত সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল, যা শীঘ্রই সরিয়ে নেওয়া হতে পারে। সলমন খান, আরবাজ খান, হেলেন এবং সলমনের আরেক প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও হাসপাতালে উপস্থিত ছিলেন। সঞ্জয় দত্তকেও দেখা গিয়েছে বন্ধুর খোঁজ নিতে। সেলিম খানের আরোগ্য কামনায় এখন প্রার্থনা করছেন তাঁর অগণিত অনুরাগী।