নিজের বাড়িতেই আক্রান্ত মেয়ে, নেপথ্যে কে? রহস্যের কিনারা করতে ময়দানে দুঁদে অফিসার অগ্নীশ্বর-দেবাঞ্জন

কলকাতার বুকে ফের ঘনীভূত হচ্ছে রহস্যের মেঘ। ২০২৫ সালে ‘মৃগয়া: দ্য হান্ট’ দর্শকদের মধ্যে যে উত্তেজনার পারদ চড়িয়েছিল, তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আসতে চলেছে পরিচালক অভিরূপ ঘোষের নতুন ছবি ‘মৃগয়া ১.৫’। তবে এই কিস্তিতে বড়সড় রদবদল ঘটেছে কাস্টিংয়ে। আগের ছবিতে বিক্রম চট্টোপাধ্যায় ও সৌরভ দাসকে দেখা গেলেও, এবার রহস্য সমাধানে কোমর বেঁধে নেমেছেন টলিউডের ভার্সেটাইল অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তাঁর সঙ্গে এই জার্নিতে যোগ দিয়েছেন কৌশানী মুখোপাধ্যায়, মীর আফসার আলি এবং অর্পণ ঘোষাল।

ছবির গল্প আবর্তিত হয়েছে ‘শ্রেয়াংশী’ (অনন্যা ভট্টাচার্য) নামের একটি মেয়েকে কেন্দ্র করে। নিজের সুরক্ষিত বাড়িতেই সে ভয়াবহ নির্যাতনের শিকার হয়। এই রহস্যময় অপরাধের কিনারা করতেই ময়দানে নামে শোভাবাজার থানার দুঁদে টিম। শোভাবাজার থানার ওসি দেবাঞ্জন দত্তের চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। তাঁর সুযোগ্য সঙ্গী এসআই জয়িতা সেনের ভূমিকায় থাকছেন কৌশানী মুখোপাধ্যায়। এছাড়াও এসআই পরিতোষ সাহার চরিত্রে অর্পণ ঘোষাল এবং সিনিয়র অফিসার অগ্নীশ্বরের চরিত্রে মীর আফসার আলির উপস্থিতি ছবির গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

তদন্ত যত এগোয়, পুলিশ বাহিনী মুখোমুখি হয় এক ছায়াময় অথচ ধূর্ত আততায়ীর। শুরু হয় বুদ্ধি আর পেশী শক্তির টানটান লড়াই। ছবিতে ওসি দেবাঞ্জনের অতীত জীবনের কিছু অন্ধকার অধ্যায়ও উন্মোচিত হবে। বিক্রম ও সৌরভের অনুপস্থিতি থাকলেও ঋত্বিক-মীর জুটির রসায়ন দর্শকদের জন্য নতুন পাওনা হতে চলেছে। দেবাশিস দত্তের মূল গল্পে চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। সংগীতের দায়িত্বে রয়েছেন রানা মজুমদার। রহস্যে মোড়া এই থ্রিলার কবে বড় পর্দায় আসবে, এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন সিনেমা প্রেমীরা।